কিংবদন্তি ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা জন আর্ভিন আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ২০:৫৫
জনপ্রিয় ক্লাসিক সিরিজ ‘টিনকার টেইলার সোলজার স্পাই’ এবং হলিউডের বিখ্যাত যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হ্যামবার্গার হিল’-এর খ্যাতনামা ব্রিটিশ পরিচালক জন আর্ভিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
গত ১১ আগস্ট তিনি পরিবারের সান্নিধ্যে
নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডকুমেন্টারি থেকে শুরু করে অ্যাকশন ও থ্রিলারধর্মী
চলচ্চিত্রে দীর্ঘ পাঁচ দশকের কর্মজীবনে আর্ভিন ছিলেন বৈচিত্র্যময় নির্মাণশৈলীর এক
উজ্জ্বল দৃষ্টান্ত।
১৯৪০ সালে যুক্তরাজ্যের চেশায়ারে জন্মগ্রহণ
করা আর্ভিন লন্ডন ফিল্ম স্কুল থেকে চলচ্চিত্রের পাঠ চুকিয়ে সংবাদচিত্র বা নিউজরিলে
কাজ শুরু করেন। ১৯৬৩ সালে তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র 'ইনহেরিটেন্স' দিয়ে
তিনি কর্মজীবনের প্রথম বাফটা পুরস্কার লাভ করেন। সত্তরের দশকে টেলিভিশনে নাটক ও সিরিজ
পরিচালনায় হাত দিয়ে তিনি অভূতপূর্ব সাফল্য পান।
বিশেষ করে লেখক জন লে কারের উপন্যাস অবলম্বনে
১৯৭৯ সালে বিবিসি-র তৈরি মিনিসিরিজ 'টিনকার টেইলার সোলজার স্পাই' পরিচালনা করে আন্তর্জাতিক
অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হন। অ্যালেক গিনেস অভিনীত এই সিরিজটি কেবল বাফটাই জেতেনি,
বরং তাকে হলিউডের দুয়ার খুলে দেয়।
হলিউডে পা রাখার পর জন আর্ভিন বহুমাত্রিক
ধারার চলচ্চিত্রে নিজের দক্ষতার প্রমাণ রাখেন। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের
মধ্যে রয়েছে আর্নল্ড শোয়ার্জনেগারের 'র ডিল' (১৯৮৬), ক্রিস্টোফার ওয়াকেনের 'দ্য
ডগস অব ওয়ার' (১৯৮০), ভীতিপ্রদ চলচ্চিত্র 'গোস্ট স্টোরি' (১৯৮১) এবং ভিয়েতনাম যুদ্ধ
নিয়ে নির্মিত বাস্তবসম্মত ও আলোচিত ছবি 'হ্যামবার্গার হিল' (১৯৮৭)। বর্ণাঢ্য ক্যারিয়ারে
তিনি ফ্রেড অ্যাস্টেয়ার, জন হার্ট, বেন কিংসলে, প্যাট্রিক সোয়েজি ও লিয়াম নিসনের
মতো বিশ্বখ্যাত তারকাদের সাথে কাজ করেছেন।
পরবর্তী জীবনে আর্ভিন স্বাধীন ধারার চলচ্চিত্রের
প্রতি মনোনিবেশ করেন। মাইকেল কেইন অভিনীত 'শাইনার' (২০০০) এবং আর্নেস্ট হেমিংওয়ের
উপন্যাস অবলম্বনে নির্মিত 'দ্য গার্ডেন অব ইডেন' (২০০৮) তার অন্যান্য উল্লেখযোগ্য সৃষ্টি।
তার পরিচালিত শেষ চলচ্চিত্র ছিল ২০১৬ সালে
মুক্তিপ্রাপ্ত নেলসন ম্যান্ডেলার গেরিলা জীবন নিয়ে নির্মিত বাইওপিক 'ম্যান্ডেলাস গান'।
আর্ভিনের প্রয়াণে আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে; অনেক সমালোচকই
তাকে বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী ও প্রভাববিস্তারকারী পরিচালক হিসেবে স্মরণ করছেন।
বাংলাদেশের খবর/ এম.আর

