ছবি: সংগৃহীত
ভারতের দিল্লিতে নিজ ঘরে এক তরুণীকে হত্যা করা হয়েছে। নিহত মুসকান (২১) পেশায় একজন মডেল ও শিক্ষার্থী।
বুধবার (২৬ আগস্ট) পশ্চিম দিল্লির তিলক নগরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর তার জিম ট্রেইনার পলাতক। ফলে পুলিশ তাকেই মূল সন্দেহভাজন হিসেবে খুঁজছে।
বাড়িতে একা ছিলেন মুসকান। এ সময় হামলাকারী ঘরে ঢুকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মুসকানের বন্ধু আমান জানান, অভিযুক্ত জিম ট্রেইনার কিছু দিন ধরেই মুসকানকে উত্যক্ত ও হয়রানি করছিলেন। ফলে পরিবারের সন্দেহ শুরু থেকেই ওই ট্রেইনারের দিকে।
আমান আরও জানান, তিন বোনের মধ্যে মুসকান ছিলেন সবচেয়ে ছোট। ঘটনার সময় তার দিদি চণ্ডীগড়ে ছিলেন। তিনি ফোন করে আমনকে দ্রুত মুসকানের বাড়িতে যেতে বলেন। সেখান থেকেই তিনি জানতে পারেন যে কেউ মুসকানকে ছুরিকাঘাত করেছে।
আমানের দাবি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি এক বন্ধুকে ফোন করে মুসকানের বাড়িতে পৌঁছে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলেন। আমান নিজে ঘটনাস্থলে পৌঁছনোর আগেই অ্যাম্বুল্যান্স এসে মুসকানকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ ইতোমধ্যেই অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে মুসকানকে খুন করা হল, অভিযুক্তের সঙ্গে তার ঠিক কী ধরনের সম্পর্ক ছিল এবং ঘটনার আগে তাদের মধ্যে কোনো কথা বা বিবাদ হয়েছিল কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার অভিষেক গুপ্ত জানিয়েছেন, আসামিকে ধরতে এলাকায় অভিযান চলছে। পাশাপাশি ঘটনার আশপাশের সব সিসিটিভি ফুটেজ দেখে ঘাতককে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
বাংলাদেশের খবর/আরইউ

