Logo

বিনোদন

জনপ্রিয় গায়ক অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২১:০০

জনপ্রিয় গায়ক অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা

ভারতের উত্তরপ্রদেশে জিম থেকে বের হওয়ার সময় জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে (৩৫) গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উত্তরপ্রদেশের শামলী জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জিম থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে একযোগে অন্তত ২০ রাউন্ড গুলি চালানো হয়। মাথায় সরাসরি গুলি লাগায় গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী এই গায়ক গত এক বছর ধরে শামলীর ওই জিমে নিয়মিত শরীরচর্চা করতেন। ঘটনার দিন জিম শেষে মাত্র ২০ থেকে ২৫ মিটার এগিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা চার হামলাকারী তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। মাটিতে লুটিয়ে পড়ার পর হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। নিহত গায়কের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মর্মান্তিক বিষয় হলো, হত্যাকাণ্ডের মাত্র এক ঘণ্টা আগেও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন অঙ্কিত, যেখানে তাকে গাড়িতে বসে মার্ডার মার দে সড়ক কে উপর গানটি গাইতে দেখা যায়।

হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে কুখ্যাত গোগী গ্যাং । গ্যাংটির অন্যতম সদস্য ভোলু শাহপুরিয়া নেটমাধ্যমে দাবি করেছেন, তাদের শত্রুপক্ষের সঙ্গে আঁতাত করেছিলেন অঙ্কিত এবং গ্যাংয়ের কিছু ঘটনা নিয়ে বিতর্কিত গান তৈরি করেছিলেন। পোস্টটিতে হুমকির সুরে লেখা হয়, এই তো সবে শুরু, উত্তরপ্রদেশ পুলিশেরও সময় আসবে।

উল্লেখ্য, হরিয়ানার স্থানীয় ভাষায় গান গেয়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন অঙ্কিত। তার গাওয়া জনপ্রিয় গান ভরী কোর্ট মেঁ গোলি মারেঙ্গে মেরি জান-এর কথাগুলোর সাথে এই নৃশংস পরিণতির অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন তার শোকাহত অনুরাগীরা। এর আগে পাঞ্জাবের আরেক জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালাকেও একইভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল, যার দায় নিয়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাং।

হত্যাকাণ্ডের নেপথ্যে কেবল গ্যাংওয়ার নাকি কোনো রাজনৈতিক কারণ রয়েছে, তা নিয়ে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। জানা গেছে, আসন্ন জেলা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অঙ্কিত।

এদিকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে জাঠ সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করা হচ্ছে। এ ঘটনায় নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অঙ্কিতের পরিবার ও ভক্তদের মাঝে এখন চরম শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ দ্রুত জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন