Logo

বিনোদন

অভিনেতা-সংগীতশিল্পী মুকুল জামিল নেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০

অভিনেতা-সংগীতশিল্পী মুকুল জামিল নেই

অভিনেতা ও সংগীতশিল্পী মুকুল জামিল মারা গেছেন। গতকাল রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।  মুকুল জামিলের আকস্মিক মৃত্যুতে সংগীত ও অভিনয় অঙ্গনে শোক নেমে এসেছে। তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনয় ও সংগীতাঙ্গনের অনেকেই।

মুকুল জামিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উনার প্রয়াণে আমরা গভীর শোকাহত।’

মুকুল জামিলকে স্মরণ করে মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতশিল্পী মিলন লিখেছেন, ‘আমার প্রাণপ্রিয় ভাই মুকুল জামিল ভাই এভাবে হঠাৎ চলে যাবেন, এটা আমার জন্য প্রচণ্ড কষ্টের। দেখা হলেই আমাকে বুকে জড়িয়ে ধরতেন, কপালে চুমু দিতেন।’

মিলন আরও লিখেছেন, ‘মুকুল ভাই ছিলেন একজন সংগীতশিল্পী। কিন্তু জীবনে প্রথমবার অভিনেতা হিসেবে আমার ‘সেলফি’ গানটিতে মজার ছলে তাকে মডেল হিসেবে নিয়েছিলাম। এরপর একে একে আমার অনেকগুলো গানে মুকুল ভাইকে অভিনেতা হিসেবে পেয়েছি।’

ছোটবেলা থেকে রবীন্দ্রসংগীতের প্রতি ঝোক ছিল মুকুল জামিলের। বোনের হাত ধরেই গানে আসা। জীবনের ৩০ টির বেশি মিক্স অ্যালবামে কাজ করেছেন তিনি। একটি সলো অ্যালবাম রয়েছে, নাম ‘আমি তো এমনই’। 

তার বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’। এ ছাড়া তাঁর ‘চায়ের চুমুকে’ গানটি এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।

অভিনয়ের ক্ষেত্রেও কাজ করেছেন মুকুল জামিল। ‘ওয়েডিং বেলস’ (২০১৯), ‘আমানুষ’ (২০২২) ও ‘ছাত্রী বউ’ (২০২৪)-এর মতো চলচ্চিত্রে যুক্ত ছিলেন তিনি।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন