Logo

প্রবাস

‎মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৪:৫৮

‎মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

ঈদ উপলক্ষে মুসলিমরা ঈদের নামাজ আদায়, কুরবানি এবং হজের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।

‎ঈদের আগের দিন মঙ্গলবার হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ সম্পন্ন করেন হাজিরা।

‎বিশ্বের নানা প্রান্ত থেকে আগত প্রায় ১৬ লাখ মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হয়ে ইবাদত, দোয়া ও তওবায় মগ্ন হন। ইহরাম পরিহিত হাজিদের ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত এলাকা।

‎এ সময় নামিরা মসজিদে হজের খুতবা প্রদান করেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি।

‎খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাসহ ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়েছে।

‎সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় অবস্থান করেন এবং মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন।

‎বুধবার মিনার বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর তারা কুরবানি ও হজের বাকি কার্যক্রম সম্পন্ন করবেন।

‎অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ঈদকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। হাজিদের নিরাপত্তা ও নির্বিঘ্নে হজ পালন নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন