Logo

প্রবাস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৫:৪৭

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি মালয়েশিয়া শাখা।

শনিবার (৩০ মে) কুয়ালালামপুরের অ্যাস্টো হোটেলের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়া শাখার সহ-সভাপতি আব্দুল জলিল লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।

দোয়া ও আলোচনা সভা যৌথভাবে সঞ্চালনা করেন দলের সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন এবং দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইসফাক হোসেন। পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন। 

তারা বলেন, জিয়াউর রহমান দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন বক্তারা।

প্রধান অতিথি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ রক্ষায় তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

প্রধান বক্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসে অবস্থান করেও দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি মালয়েশিয়া শাখার সহ-সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, পিএইচডি স্কলার প্রফেসর সাফিউর রহমান, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদল নেতা মাসুদুল আলম কাজল এবং ছাত্রদল নেতা আদিব আনজুম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি বুকিট বিনতাং শাখার সভাপতি আনোয়ার হোসেন সেলিম, পুডু শাখার সভাপতি মো. মানিক, কোটারায়া শাখার সভাপতি মাসুদ রানা, মালয়েশিয়া বিএনপির ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, চৌকিট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বুকিট বিনতাং বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, যুবদলের সহ-সভাপতি শেখ সেলিম ও মো. নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, জাসাস নেতা ইমতিয়াজ, যুব নেতা বাবু সরকার, মাঝি মিরাজসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশের খবর/কেএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন