অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় নাপলী বিএনপির বিক্ষোভ
ইতালি সংবাদদাতা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৫
ইতালির ভেনিসে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও বিশিষ্ট অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইতালি নাপলী বিএনপি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সমাবেশে বক্তারা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক ও গণআন্দোলনের সম্মুখসারির ব্যক্তির ওপর এমন কাপুরুষোচিত শারীরিক হেনস্তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বৈরাচারের দোসররা দেশে গণহত্যা চালিয়েও ক্ষান্ত হয়নি, এখন তারা বিদেশের মাটিতেও সাধারণ ও মুক্তিকামী প্রবাসীদের নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে ইতালির স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবি জানান নেতারা।
নাপলী বিএনপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম সোলেমান বেগ।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রেজাউল করিম চেয়ারম্যান ও নাপলী বিএনপির অন্যতম নেতা হাবিব খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদ শাহিন মিয়া (নাপলী বিএনপি), ফরহাদ মাতব্বর ( নাপলী মহানগর বিএনপি), মহসিন কামাল (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নাপলী মহানগর বিএনপি), সৈয়দ ফয়জুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক, নাপলী মহানগর বিএনপি)।
এ ছাড়া যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নাপলী যুবদলের আহ্বায়ক আনোয়ার মজুমদার, যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ আবিদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, সদস্য আশরাফুল হক মিলন ও সাহেল আজিজ চৌধুরী।
প্রতিবাদ সভায় নাপলী বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ প্রবাসীরা অংশ নেন। স্বৈরাচারী ও সন্ত্রাসী অপশক্তির বিরুদ্ধে প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী শক্তির এই ঐক্যবদ্ধ প্রতিরোধ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
বাংলাদেশের খবর/এইচআর

