হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে একদিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯ শিশু।
শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গে মারা যাওয়া দুই শিশুর বাড়ি সিলেট বিভাগে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে ৩৭৯ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭৪ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৫৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৪১ হাজার ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৬ হাজার ৬৪৫ শিশু।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে মোট ৭ হাজার ৫২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলাদেশের খবর/এইচআর

