সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২১০ জন। এ নিয়ে হাম উপসর্গ ও হাম রোগে মৃতের সংখ্যা ৬০১ জনে দাঁড়াল।
বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার।
সবশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও এর উপসর্গে মোট ৬০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১১ জনের।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৫ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এতে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে।
একই সময়ে আরও ১ হাজার ২১০ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৫৭২ জনে পৌঁছেছে।
হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলাদেশের খবর/এইচআর

