আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালানোর নির্দেশ
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৭:২১
সংগৃহীত
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় শিক্ষার্থী ও ইন্টার্নদের প্রশিক্ষণ কার্যক্রম অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজকে দ্রুত বিকল্প হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন রোববার (১৪ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ হচ্ছে না। শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ চালিয়ে নিতে কলেজ কর্তৃপক্ষকে অন্য একটি হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তারা কোন হাসপাতালের সঙ্গে যুক্ত হতে চায়, সে বিষয়ে অধিদপ্তরকে জানাতে হবে।
বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ অনুযায়ী, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে একটি হাসপাতাল সংযুক্ত থাকা বাধ্যতামূলক। এছাড়া এমবিবিএস শিক্ষার্থীদের তৃতীয় বর্ষ থেকে হাসপাতালভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণ এবং কোর্স শেষে এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়।
হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ার পর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বিকল্প ব্যবস্থার মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারি হাসপাতালের সঙ্গে সংযুক্তির সুযোগ আপাতত দেওয়া হচ্ছে না।
বাংলাদেশেরখবর/আরকে

