শিশুদের পোস্টমর্টেম না হওয়ায় হাসপাতাল সুবিধা নিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৬:৪৪
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে আদ্-দ্বীন হাসপাতালের ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল। তাই ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতেই হবে। এ অপরাধের শাস্তি হিসেবে শুধু হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পোস্টমর্টেম না হওয়ায় আদ্-দ্বীন হাসপাতাল একটি সুবিধা নিতে পারে। তবে আদালত জানে নির্মমভাবে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আশা করছি, অপরাধীরা বিচারের আওতায় আসবে।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ চালু থাকার বিষয়ে তিনি বলেন, ‘শুধু প্যাথলজির নয়, মগবাজার আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল করা হয়েছে। তবে আদ্-দ্বীন ফাউন্ডেশনের অন্য কোনো শাখা থাকলে তা চালু রাখতে বাধা নেই।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সারা দেশে একযোগে ভিটামিন-এ ক্যাম্পেইন চালু হবে। ক্যাম্পেইন চালুর জন্য আমরা কাজ করছি। আগামী ২-৪ দিনের মধ্যে জানানো হবে, কবে থেকে এ ক্যাম্পেইন শুরু হবে।
বাংলাদেশেরখবর/আরকে

