ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৭:১৩
রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত এ অনুষ্ঠানে যোগব্যায়াম অনুরাগী, শিক্ষার্থী, স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক অনুশীলনকারী এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) ব্যবস্থাপনায় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (আইডিওয়াই) ২০২৬ উদযাপিত হয়েছে। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত এ অনুষ্ঠানে যোগব্যায়াম অনুরাগী, শিক্ষার্থী, স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক অনুশীলনকারী এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
প্রতি বছর ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। ভারতের প্রাচীন ঐতিহ্যবাহী অনুশীলন যোগব্যায়াম বর্তমানে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার কার্যকর মাধ্যম হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।
এ বছরের যোগ দিবসের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ (Yoga for Healthy Ageing)। প্রতিপাদ্যের আলোকে জীবনের প্রতিটি পর্যায়ে দীর্ঘায়ু, শারীরিক সক্ষমতা এবং মানসিক বিকাশে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘কমন যোগা প্রোটোকল’ (সিওয়াইপি) সেশন। আইজিসিসির যোগ শিক্ষক শাহনাজ পারভিন তাঁর শিক্ষার্থীদের নিয়ে সেশনটি পরিচালনা করেন। এতে অংশগ্রহণকারীরা নতুন ও মধ্যম স্তরের অনুশীলনকারীদের জন্য উপযোগী বিভিন্ন যোগাসন এবং প্রাণায়াম বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম প্রদর্শন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা যোগব্যায়াম প্রতিষ্ঠানের সদস্যরাও অংশ নেন। এর মধ্যে ছিল জয়সান যোগ, হু আর্ট অব যোগ, সেলফ হিলিং হাব, আর্ট অব লিভিং, এভারগ্রিন যোগ স্কুল, নটরডেম যোগ অ্যান্ড মেডিটেশন ক্লাব, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং দ্য একাডেমি অব আ বেটার ওয়ার্ল্ড (ব্রহ্ম কুমারী)। তাদের অংশগ্রহণ দেশে যোগচর্চার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বৈচিত্র্যের প্রতিফলন ঘটায়।
এ বছরের আয়োজনের বিশেষ সংযোজন ছিল ‘আয়ুর্বেদ লাউঞ্জ’। এখানে আয়ুর্বেদভিত্তিক স্বাস্থ্যসেবা ও জীবনধারা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। ‘দ্য আয়ুর্বেদ মেডিকেল অ্যান্ড রিসার্চ’, ‘ওষধি ল্যাবরেটরিজ’ এবং ‘ওশিন ন্যাচারালস’-এর প্রদর্শনী স্টল দর্শনার্থীদের আকর্ষণ করে। পাশাপাশি ভারতীয় হাইকমিশন লাইব্রেরির সৌজন্যে আয়ুর্বেদ বিষয়ক বিভিন্ন বইও প্রদর্শন করা হয়।
মূল আয়োজনের আগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশজুড়ে ব্যাপক প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। গত ৬ মে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে আইজিসিসি এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বাংলাদেশের বিভিন্ন যোগ প্রতিষ্ঠান, গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় ৩৬টিরও বেশি প্রাক-যোগ কর্মসূচির আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে। এসব কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজনটির সফল বাস্তবায়নে সহযোগিতা করে ম্যারিকো বাংলাদেশ, টাটা মোটরস, নিটল মোটরস, বসুন্ধরা গ্রুপ, অশোক লেল্যান্ড, ইফাদ, জয়া গোল্ড, রয়্যাল গোল্ড, পিএন কম্পোজিট, প্রবৃদ্ধি অ্যাপারেলস, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক যোগ দিবসের এ আয়োজন সম্প্রীতি, স্বাস্থ্য ও সুস্থতার বার্তাকে আরও জোরালোভাবে তুলে ধরেছে। একই সঙ্গে এটি বাংলাদেশের মানুষের মধ্যে যোগব্যায়ামের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ ও গ্রহণযোগ্যতারও প্রতিফলন ঘটিয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

