Logo

স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৬:২৫

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে সোমবার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৬৯টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯২২ শিশু। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৭ জনের। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৮টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫টি শিশুর; অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৯৩টি শিশু মারা গেছে।

সর্বশেষ মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে সিলেট ছাড়া ঢাকা ও চট্টগ্রামে একটি করে শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই সময়ে ঢাকা বিভাগে ৯০ শিশু, চট্টগ্রামে ৩২, ময়মনসিংহে ১১, বরিশালে ৯, রংপুর তিন এবং সিলেট ও খুলনায় এক জন করে হামে আক্রান্ত হয়েছে।

এ ছাড়া এই সময়ে ৮৮৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১১টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হামের রোগীর সংখ্যা এক লাখ ১৮ হাজার ৫৭০, আর নিশ্চিত হামের রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৭৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ এক হাজার ২৬ রোগী, যাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এদিকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম নিয়ে ভর্তি রোগীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ শিশু হামের টিকা পায়নি। অন্য অনুসন্ধানে দেখা গেছে, হামে মারা যাওয়া শিশুদের ৫২ শতাংশের বয়স ছিল ৯ মাসের কম। বিশেষজ্ঞরা বলছেন, দেশে হাম ও টিকা নিয়ে আরও গভীর অনুসন্ধান হওয়া দরকার।

গত এপ্রিল থেকে মে মাসের মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৩৪১ শিশুকে নিয়ে গবেষণাটি করা হয়েছে। এসব শিশুর বয়স ছিল ১৪ বছরের মধ্যে। গবেষণাটি করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও শিশু হাসপাতালের ১৯ জন গবেষকের একটি দল।

রোববার (১৯ জুলাই) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ও ভাইরোলজি ল্যাবরেটরি অ্যান্ড জেনম সেন্টারের প্রধান মোস্তাফিজুর রহমান গবেষণার তথ্য উপস্থাপন করেন। দেশে হামের প্রাদুর্ভাব ও করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করে মাইক্রোবায়োলজি বিভাগ।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন