Logo

স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৭:৩৬

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

# ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২০০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ছোঁয়াচে এ ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৮৬ জন। এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে নতুন করে আরও ২০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৭৯৫ জন প্রাণ হারিয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩০ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৭, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৯৭২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৮৬ জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৮৪ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১১৯, চট্টগ্রামে ২৫৪, বরিশালে ৭১, ময়মনসিংহে ৪৮, খুলনায় ৭০, রংপুরে ১০ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২ হাজার ৭৯৪। তাদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮। আর নিশ্চিত হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩০ জনে।

ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২০০: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে নতুন করে আরও ২০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২০০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে ৮৭ জন এবং এর পরেই ঢাকা বিভাগের অবস্থান ৭০ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৮ জন এবং রংপুর বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

তবে এই সময়ে রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৪৩ জন। 

এর মধ্যে ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯১০ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু কেড়ে নিয়েছে ৬৫ জনের প্রাণ।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৬১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। যার মধ্যে ঢাকায় ৫৭৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৬ জন রোগী ভর্তি আছেন। 

অন্যদিকে, এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৭৬৩ জন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন