Logo

স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, ডেঙ্গুতে ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৯:০৭

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, ডেঙ্গুতে ৩

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ডেঙ্গুতে তিন জনের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম ও ডেঙ্গু বিষয়ক পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩৮।

এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৩৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।

একই সময়ে ৮৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৮৭ জন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ১৪৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫০ হাজার ৬৫২ জনে।

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু: দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে; মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন।

চলতি বছর একদিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর এটাই সর্বোচ্চ সংখ্যা। এর আগে ১৬ আগস্ট ৮০৫ জন এবং ১১ আগস্ট ৭৫৬ জন রোগী ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৯৭ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১২৬ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ২১৫ জন, ময়মনসিংহে ৭১ জন, রাজশাহীতে ৭৬, রংপুর ২৩ এবং সিলেট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি অগাস্ট মাসে মারা গেছেন ৩১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ২৯ হাজার ৯২৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৭৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ দুই হাজারের মতো।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন