হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ৩৪২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৮:২২
সারা দেশে গত একদিনে হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৭০ জন। এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ৩৪২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম ও ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হাম বিষয়ক বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৭০ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে।
এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬১ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম উপসর্গে মৃত্যুর হিসাব ও নিশ্চিত হাম রোগীর মৃত্যুর হিসাব আলাদাভাবে দেওয়া হয়েছে।
এদিকে, ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ৬৩ জন রয়েছেন।’
চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত সারাদেশে মোটডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৫৯০ জন। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৩০ হাজার ৪২২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে দুই হাজার ৮০ জন চিকিৎসাধীন আছেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
বাংলাদেশের খবর/এইচআর

