জাতির উদ্দেশে ভাষণে ডোনাল্ড ট্রাম্প
ইরানে অভিযান শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৫
ছবি: সংগৃহীত
ইরানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের প্রায় শেষ প্রান্তে আছে যুক্তরাষ্ট্র এবং এই অভিযানও শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি জানান, ইরানে হয়তো তাদের ‘কাজ শেষ করতে’ আর দুই থেকে তিন সপ্তাহ লাগবে।
ট্রাম্প বলেন, আজ অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি আমাদের কৌশলগত লক্ষ্য অর্জন প্রায় কাছাকাছি আছে। গত চার সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য জয় এনে দিয়েছে। এমন জয় যা কিছু মানুষ কখনো দেখেননি।
ট্রাম্প আবারো দাবি করেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ছিল। যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। যুদ্ধ শুরুর আগে ইরান একাধিকবার জানিয়েছিল, তারা কোনো ধরনের পারমাণবিক বোমা তৈরি করছে না।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমি ২০১৫ সাল থেকে বলছি ইরানকে কখনো পারমাণবিক বোমার অধিকারী হতে দেওয়া হবে না। ইরানিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মৃত্যু কামনা করে।
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে হওয়া ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যদি তিনি বের না হয়ে আসতেন তাহলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না।
২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে ওই চুক্তিটি করেন। যারমাধ্যমে ইরান ইউরেনিয়াম মজুদকরণের পরিমাণ কমিয়ে দিতে রাজি হয়েছিল। এর বদলে তাদের ওপর দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে বের হয়ে যান।
ভাষণের শুরুতেই ট্রাম্প নাসার ‘আর্টেমিস-২’ মিশনকে চাঁদে সফল উৎক্ষেপণের জন্য ধন্যবাদ জানান। নভোচারীদের সাহসী উল্লেখ করে তাদের প্রশংসা করেন তিনি। এরপরে তিনি এক মাস ধরে চলা ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন।
তিনি বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী আজ ধ্বংস হয়ে গেছে। তাদের বেশির ভাগ নেতারা মারা গেছেন।
বাংলাদেশের খবর/আরইউ

