Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব, ইরানের প্রত্যাখ্যান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ২১:৪১

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব, ইরানের প্রত্যাখ্যান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার গতকাল ছিল ৩৬তম দিন। এর মধ্যে একদিনেই ইরানের আকাশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই দিনটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছে। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে বলে দাবি করে প্রস্তাবিত প্রত্যাখ্যান করেছে ইরান।

এদিকে, চলমান যুদ্ধে ইরানের অন্তত ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ‘সরাসরি হামলার’ শিকার হয়েছে। জবাবে ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও হামলা হচ্ছে।

গত শুক্রবার পর্যন্ত ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ২,০৭৬ জন নিহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২০০টির বেশি হামলা চালিয়েছে বলে দাবি করেছে মানবাধিকারবিষয়ক একটি সংস্থা।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে শিগগিরই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান, সেটা মোটামুটি স্পষ্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের সঙ্গে যে যুদ্ধ বাধিয়েছে, তা ট্রাম্পের ‘অতি গুরুত্বপূর্ণ’ চীন সফরেও প্রতিবন্ধকতা তৈরি করেছে।

ইরানে যুক্তরাষ্ট্রের ৬ বিমান-ড্রোন-ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত: একদিনেই ইরানের আকাশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই দিনটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছে। শনিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের বিভিন্ন অঞ্চলে আকাশপথে বড় ধরনের সংঘাত চলাকালীন তাদের প্রতিরক্ষা বাহিনী শত্রুপক্ষের কয়েকটি  লক্ষ্যবস্তু প্রতিহত করেছে। চলমান মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মুখে দেশের আকাশসীমার ওপর ইরানের নিয়ন্ত্রণ যে বাড়ছে; এই অভিযান তারই প্রমাণ বলে দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়েছে, একটি নির্ণায়ক ও দীর্ঘস্থায়ী লড়াইয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি যুদ্ধবিমান এবং আরও পাঁচটি আকাশযান ভূপাতিত করেছে। এটি ইরানি আকাশে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য একটি চরম পরাজয়ের দিন।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। গত শুক্রবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদমাধ্যমটি দাবি করেছে যে, তেহরান এই স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১ এপ্রিল) অন্য একটি দেশের মাধ্যমে এই প্রস্তাবটি ইরানের কাছে পাঠানো হয়েছিল, যদিও সেই মধ্যস্থতাকারী দেশটির নাম প্রকাশ করা হয়নি। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এই যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তেহরানের এই প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতির প্রশমন ঘটবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, তখনই এ প্রস্তাব সামনে আসে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি, বরং হামলার তীব্রতা বাড়িয়ে মাঠেই এর পাল্টা জবাব দিয়েছে।

ইরানে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে ইরানের অন্তত ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় 'সরাসরি হামলার' শিকার হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'ইরান স্টুডেন্টস নিউজ এজেন্সি'র (আইএসএনএ) বরাতে দেশটির বিজ্ঞান মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী হোসেন সিমায়েই সাররাফ বলেন, 'অসামরিক এলাকা এবং শিক্ষা ও গবেষণার জন্য জরুরি অবকাঠামোসমূহকে লক্ষ্যবস্তু করা হয়েছে।' আইএসএনএ-র প্রতিবেদনে মন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে আরও বলা হয়, 'আজ লাখ লাখ স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষা ও গবেষণা থেকে বঞ্চিত হচ্ছে।'

ইরানি রেড ক্রিসেন্ট এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল তেহরানের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান 'শহীদ বেহেশতি ইউনিভার্সিটি'র বেশ কিছু ভবন মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান সরকারের দাবি, দেশটির বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভিত্তি দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যেই তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হচ্ছে। তবে ইসরায়েল এই হামলাগুলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই আক্রমণগুলো চালানো হয়েছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে অনড় থেকে জানিয়েছে যে, তাদের বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।

হরমুজ প্রণালি নিয়ে নিরাপত্তা পরিষদের ভোট স্থগিত: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাহরাইনের আনা একটি প্রস্তাবের ওপর আগামী সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট হতে পারে। কূটনীতিকদের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

এই ভোটটি প্রথমে গত শুক্রবার হওয়ার কথা ছিল এবং পরে তা গতকালের জন্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। তবে রয়টার্স জানিয়েছে, বেশ কয়েকজন কূটনীতিক এখন বলছেন যে ভোটটি আগামী সপ্তাহ পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং নতুন কোনো তারিখ এখনও ঠিক করা হয়নি।

সংবাদ সংস্থাটি আরও জানায় যে, এই বিলম্বের কারণ সম্পর্কে জাতিসংঘে বাহরাইনের মিশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এই খসড়া প্রস্তাবটি গৃহীত হলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করতে সদস্য দেশগুলো ‘প্রয়োজনীয় সব ধরণের প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণের অনুমতি পাবে। এর ফলে কার্যত ওই প্রণালিতে নৌ-অভিযানের পথ প্রশস্ত হবে, যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মূলত বন্ধ রয়েছে। তবে বাহরাইনের এই প্রস্তাবটি চীন, রাশিয়াসহ আরও কিছু দেশের বাধার মুখে পড়েছে।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং এ প্রসঙ্গে বলেন, ‘এটি মূলত শক্তির বেআইনি ও নির্বিচার ব্যবহারের বৈধতা দেবে, যা অনিবার্যভাবে পরিস্থিতির আরও অবনতি ঘটাবে এবং এর পরিণাম হবে ভয়াবহ।’

একদিনে ইরানে অন্তত ২০০ হামলা: গত ২৪ ঘণ্টায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২০০টির বেশি হামলা চালিয়েছে বলে দাবি করেছে মানবাধিকারবিষয়ক একটি সংস্থা।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার ইরানের বিরুদ্ধে অন্তত ২০৬টি হামলা চালানো হয়েছে। এতে অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

গোষ্ঠীটির সংবাদসেবা এইচআরএএনএর তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টার এই সময়ে ইরানের ১৩টি প্রদেশে হামলা হয়েছে।

তাদের হিসেবে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ১,৬০৭ জন বেসামরিক লোক, ১,২১৩ জন সামরিক সদস্য এবং সামরিক অবস্থান নিশ্চিত নয়–এমন ৭১১ জন নিহত হয়েছেন।

আল জাজিরা স্বতন্ত্রভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি। অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ তুলনামূলকভাবে কিছুটা কম হতাহতের সংখ্যা প্রকাশ করেছে।

গত শুক্রবার পর্যন্ত ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ২,০৭৬ জন নিহত হয়েছেন।

মার্কিন ১৩ সেনা নিহত, আহত ৩৬৫: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৩৬৫ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। পেন্টাগনের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আহতদের মধ্যে সেনাবাহিনীর ২৪৭ জন, নৌবাহিনীর ৬৩ জন, মেরিন (নৌসেনা) ১৯ জন এবং বিমানবাহিনীর ৩৬ জন সদস্য রয়েছেন।

এছাড়া, এই যুদ্ধে এখন পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা ১৩ জনেই অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলের আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলের আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের আকাশে ক্লাস্টার গোলাবারুদ দেখা গেছে বলেও খবর পাওয়া গেছে। এ ঘটনায় তেল আবিবে একজন আহত হয়েছেন।

হরমুজ পার হল জাপান, ফ্রান্স ও ওমানের নৌযান: ওমান পরিচালিত তিনটি ট্যাংকার, ফ্রান্স-মালিকানাধীন একটি কনটেইনার জাহাজ ও জাপানের মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী একটি নৌযান বৃহস্পতিবার হরমুজ প্রণালি পার হয়েছে বলে নৌচলাচলের ডিজিটাল তথ্যে নিশ্চিত হওয়া গেছে। বন্ধুত্বপূর্ণ দেশের নৌযানগুলোর জন্য সঙ্কীর্ণ জলসীমাটি খোলা রাখার যে নীতি ইরান নিয়েছে, এটা তারই প্রতিফলন, বলছে বার্তা সংস্থা রয়টার্স।

ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানো শুরু করার পর প্রথম দিকে প্রণালিটি পুরোপুরি বন্ধই করে দিয়েছিল তেহরান। পরে তারা জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন নৌযানগুলোকে হরমুজ পার হওয়ার অনুমতি দেওয়া হবে।

বিশ্বের তেল ও গ্যাসের এক পঞ্চমাংশ যে পথ দিয়ে যায় সেই প্রণালিতে নৌচলাচল শুরু হচ্ছে কিনা, সেদিকে তেল ও অন্যান্য পণ্য সংশ্লিষ্ট বাজার অধীর আগ্রহে তাকিয়ে আছে।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর তেল আবিব, হাইফাসহ ইসরায়েলের বিভিন্ন শহর এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে এক ধুন্ধুমার যুদ্ধের সূচনা করে। এক মাস পেরনো এই সংঘাত এরই মধ্যে প্রায় পুরো মধ্যপ্রাচ্যজুড়েই ছড়িয়ে পড়েছে। দ্রুত যুদ্ধ শেষ করতে না পারা ওয়াশিংটন এখন পরিস্থিতি সামলাতে ইরানে স্থলসেনা পাঠানোর কথাও ভাবছে। তার মধ্যেই যুক্তরাষ্ট্র এবং তাদের ইউরোপীয় ও এশীয় মিত্রদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালি। ইরান এ প্রণালিটি কার্যত বন্ধ করে রাখায় তেলের দাম ক্রমশ বাড়তে শুরু করে, যার প্রভাব পড়ে সার, খাদ্যসহ অন্যান্য পণেও।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন