Logo

আন্তর্জাতিক

২১ ঘণ্টা আলোচনা করেও সমঝোতা হয়নি : জে ডি ভ্যান্স

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৫

২১ ঘণ্টা আলোচনা করেও সমঝোতা হয়নি : জে ডি ভ্যান্স

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্র এখন পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে।

পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা দ্বিতীয় দিনে গড়ানোর পর রবিবার (১২ এপ্রিল) তিনি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল অসিম মুনিরের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আলোচনার যে কোনো ত্রুটি-বিচ্যুতির জন্য পাকিস্তানিরা দায়ী নয়, কারণ তারা অসাধারণ কাজ করেছে।

ভ্যান্স বলেন, আমরা ২১ ঘণ্টা ধরে আলোচনা করছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও করেছি, এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, যোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্র ‘সৎ উদ্দেশ্য নিয়েই এসেছিল’ উল্লেখ করে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র নমনীয় মনোভাব এবং ‘সৎ উদ্দেশ্য নিয়েই’ আলোচনায় এসেছিল, কিন্তু দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় বিষয়টি দুর্ভাগ্যজনক।

‘আমরা এখান থেকে একটি অত্যন্ত সহজ প্রস্তাব নিয়ে যাচ্ছি, বোঝাপড়ার পদ্ধতি, যা আমাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব। দেখা যাক, ইরানিরা সেটি গ্রহণ করে কি না’, বলেন তিনি।

আলোচনার ক্ষেত্রে মার্কিন দৃষ্টিভঙ্গি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমার মনে হয় আমরা বেশ নমনীয় ছিলাম, আমরা বেশ মানিয়ে চলার মানসিকতায় ছিলাম।

কয়েক ঘণ্টার এই আলোচনার সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুবার কথা বলেছেন। ‘আমি জানি না আমরা তার সঙ্গে কতবার কথা বলেছি, গত ২১ ঘণ্টায় হয়তো ছয়বার বা বারোবার,’ বলেন ভ্যান্স।

ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেন ভ্যান্স। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানান ভ্যান্স। তবে ভবিষ্যতে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে সে জন্য দৃঢ় অঙ্গীকার প্রয়োজন। তবে সেটা এখনো প্রতীয়মান হয়নি। এমনটা হবে বলে যুক্তরাষ্ট্র আশা করছে। 

সংবাদ সম্মেলনে ভ্যান্সের পেছনে ছিলেন ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, যারা ইরানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধিদলের সদস্য ছিলেন।

এদিকে পাকিস্তান সফররত ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনায় এমন কিছু বিষয় দাবি করেছে, যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি।

সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্তগুলো তেহরান মেনে নেয়নি।

অন্যদিকে আল-জাজিরার খবর বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত ও বেআইনি । ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার ওপরও আলোচনার সাফল্য নির্ভরশীল বলে জানান বাগাই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসমাইল বাগাই বলেন, ‘পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় শনিবার সকাল থেকে শুরু হওয়া নিবিড় আলোচনা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে এবং দুই পক্ষের মধ্যে অসংখ্য বার্তা ও খসড়া বিনিময় হয়েছে।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো লিখেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আলোচনার মূল বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে ও এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান।’

যুক্তরাষ্ট্রকে সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়ে ইসমাইল বাগাই লিখেছেন, ‘এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। পাশাপাশি তাদের অতিরিক্ত ও বেআইনি দাবি থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার ওপরও এটি নির্ভরশীল।’

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন