Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে এবার ইরানি নারীরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৬:২১

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে এবার ইরানি নারীরা

ইরানের রাজধানী তেহরানে ‘ডিভোটেড গার্লস অফ ইরান’ শীর্ষক এক বিশাল সমাবেশে হাজার হাজার নারী ও তরুণী অংশ নিয়েছেন। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ইসলামি বিপ্লবের নতুন নেতার’ প্রতি আনুগত্য প্রকাশ করেছেন এবং দেশ রক্ষায় শপথ নিয়েছেন।

স্থানীয় সময় গতকাল শুক্রবার ‘কন্যা শিশু দিবস’ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারী অনেক নারী হাতে অস্ত্র ও জাতীয় পতাকা নিয়ে যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছেন।

প্রেস টিভির ক্যামেরার সামনে এক তরুণী বলেন, আমরা এখানে এসেছি ঐক্যবদ্ধ হয়ে আমেরিকান ইহুদিবাদী শত্রুকে পরাজিত করতে। আমেরিকার ধ্বংস হোক।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের দীর্ঘ চার দশকের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই দেশজুড়ে প্রায় প্রতিদিন সরকারপন্থি বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত ইসলামি প্রজাতন্ত্র সরকারের তত্ত্বাবধানে এসব সমাবেশ আয়োজন করা হয়।

এদিকে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২০ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছে সিএনএন, ইরানি কূটনৈতিক সূত্রের বরাতে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২২ এপ্রিলের মধ্যে কার্যকর কোনো চুক্তি না হলে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। তিনি বলেন, আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সূত্র: সিএনএন


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন