Logo

আন্তর্জাতিক

অবশেষে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিত ঘোষণা ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৫:২৬

অবশেষে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিত ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে পাহারা দিয়ে চলাচলে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে যে অভিযান শুরু করেছিল, একদিনের মধ্যেই সেটা আবার স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বাংলাদেশ সময় বুধবার (৬ মে) সকালে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, পাকিস্তানসহ বন্ধুপ্রতিম কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার প্রেক্ষিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হলো। তিনি জানান, একটি দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করা এবং তাতে স্বাক্ষর করা সম্ভব কি না, তা যাচাই করতেই এই বিরতি দেওয়া হয়েছে।

তবে অভিযান স্থগিত করলেও ইরানের বন্দরে মার্কিন নৌবাহিনীর চলমান নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে আটকে পড়া বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ বহির্গমনের সহায়তা দিতে গত সোমবার সকাল থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই বিশেষ সামরিক অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। 

তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে শুরু থেকেই ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল’ বলে আখ্যা দিয়ে আসছিল ইরান। তেহরানের পক্ষ থেকে এই অভিযানকে কঠোরভাবে প্রতিরোধের ঘোষণাও দেওয়া হয়েছিল।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই আকস্মিক স্থগিতাদেশের ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি আপাতত কিছুটা কমবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 

এখন সবার নজর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য সেই চুক্তির দিকে, যার ইঙ্গিত ট্রাম্প তার বার্তায় দিয়েছেন। খবর সিবিসি নিউজের।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন