Logo

আন্তর্জাতিক

পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাব সুবিধাবাদী: কাজা কালাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ২০:৩২

পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাব সুবিধাবাদী: কাজা কালাস

কাজা কালাস

ইউক্রেন সংকটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতির আহ্বানকে চরম ধূর্ততাকপটতা হিসেবে আখ্যায়িত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। একই সঙ্গে ক্রেমলিনের পক্ষ থেকে জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোডারকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা-ও সরাসরি নাকচ করে দিয়েছে ইইউ। সোমবার ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কাজা কালাস বলেন, পুতিনের এই তথাকথিত যুদ্ধবিরতির আহ্বান মোটেও শান্তির জন্য নয়, বরং এটি একটি কৌশলগত চাল। তিনি অভিযোগ করেন, গত ৯ মে মস্কোর সামরিক প্যারেডকে নিরাপদ রাখতেই এই সাময়িক বিরতির ফাঁদ পাতা হয়েছিল। কালাস বলেন, "পুতিন যখন যুদ্ধবিরতির কথা বলছেন, তখনও রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়া আসলে এই বিরতির সুযোগে তাদের বিপর্যস্ত সামরিক শক্তিকে পুনরায় সংগঠিত করতে চায়।"

লাটভিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরাও একই সুরে কথা বলেছেন। তাদের মতে, রুশ সামরিক কুচকাওয়াজে এবার কোনো যুদ্ধাস্ত্র প্রদর্শন করতে না পারা পুতিনের দুর্বলতাকেই স্পষ্ট করে দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে, ইইউ-এর সাথে শান্তি আলোচনায় সমন্বয়কারী হিসেবে জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোডারকে রাখা হোক। তবে ইইউ এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মনে করছে।

কাজা কালাস বলেন, "শ্রোডার দীর্ঘদিন ধরে রুশ রাষ্ট্রীয় কোম্পানিগুলোর (যেমন নর্ড স্ট্রিম ও রোসনেফট) উচ্চপর্যায়ের লবিস্ট হিসেবে কাজ করেছেন। পুতিন তাকেই মধ্যস্থতাকারী হিসেবে চান যাতে তিনি টেবিলের দুই পাশেই রাশিয়ার স্বার্থ রক্ষা করতে পারেন। এটি অত্যন্ত অযৌক্তিক।"

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস সাহকনা স্পষ্ট ভাষায় বলেন, "শ্রোডার কেবলই পুতিনের একটি ধারণা। তিনি কোনোভাবেই ইউরোপের প্রতিনিধিত্ব করবেন না।" জার্মান সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে, মধ্যস্থতাকারী হতে হলে দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হতে হয়, যা শ্রোডারের ক্ষেত্রে সম্ভব নয়।

বৈঠকে উপস্থিত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবহা বলেন, রণক্ষেত্রে ইউক্রেন এখন অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। শীতকালীন প্রতিকূলতা কাটিয়ে উঠে ইউক্রেন এখন রাশিয়ার ৯০ শতাংশ আকাশপথের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। তিনি রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির আকর্ষণীয় পরিবর্তনের’ দিকেও ইঙ্গিত দেন।

ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা বর্তমানে ইউক্রেন পরিস্থিতি ছাড়াও মধ্যপ্রাচ্য সংকট এবং পশ্চিম বলকান অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন। এছাড়া ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগে জড়িত ব্যক্তিদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও আজ সিদ্ধান্ত আসতে পারে।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন