দ.আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ: নাগরিককে সরিয়ে নিচ্ছে ঘানা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:০৩
দক্ষিণ আফ্রিকায় নতুন করে শুরু হওয়া অভিবাসীবিরোধী তীব্র বিক্ষোভ ও হামলার মুখে নিজেদের ৩০০ নাগরিককে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঘানা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেতো আবলাকওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, ঘানার প্রেসিডেন্ট ইতিমধ্যেই এই ‘উদ্ধার অভিযান’ পরিচালনার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
ঘানার দূতাবাস জানিয়েছে, প্রিটোরিয়ায় অবস্থিত
মিশনে কয়েকশ ঘানাই নাগরিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের ওপর
সাম্প্রতিক ‘জেনোফোবিক’ বা
অভিবাসীবিরোধী হামলার প্রেক্ষিতে তারা দেশে ফেরার আকুতি জানিয়েছেন। বিশেষ করে বন্দর
নগরী ডারবানে বুধবার বড় ধরনের বিক্ষোভের ডাক দেওয়ায় সেখানে বসবাসরত ঘানাইদের দোকানপাট
ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যদিও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল
রামাফোসা এই হামলাগুলোকে বিচ্ছিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন, তবে
বিক্ষোভকারীরা অবৈধ অভিবাসীদের গণ-ডিপোর্টেশন বা বহিষ্কারের দাবি জানাচ্ছেন। তাদের
দাবি, অবৈধ অভিবাসীদের কারণে স্থানীয়দের কর্মসংস্থান, আবাসন ও আইনশৃঙ্খলার অবনতি ঘটছে।
এই ঘটনার জেরে ঘানা ও নাইজেরিয়া ইতিমধ্যেই
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতদের তলব করে ক্ষোভ প্রকাশ করেছে। ঘানা এই বিষয়টি আফ্রিকান
ইউনিয়নে (এইউ) আলোচনার জন্য চিঠি দিয়েছে। এছাড়া কেনিয়া, মালাউই, লেসোথো এবং জিম্বাবুয়েও
তাদের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে।
বাংলাদেশের খবর/এম.আর

