ফিলিপাইনে প্রতিরক্ষামূলক হেফাজতে সিনেটর দেলা রোসা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:১২
দেলা রোসা
ফিলিপাইনের ক্ষমতার কেন্দ্রবিন্দু ম্যানিলার সিনেট ভবনে বুধবার এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সিনেটর রোনাল্ড দেলা রোসা গ্রেপ্তার এড়াতে গত দুই দিন ধরে সিনেট ভবনের ভেতরে অবস্থান করছেন। বুধবার রাতে ভবনটির ভেতরে সামরিক বাহিনীর উপস্থিতির মধ্যে গুলির শব্দ শোনা গেছে, যা দেশজুড়ে চরম উত্তেজনা তৈরি করেছে।
গত সোমবার সরকারি এজেন্টরা যখন ৬৪ বছর
বয়সী দেলা রোসাকে গ্রেপ্তার করতে সিনেট ভবনে হানা দেয়, তখন এক নাটকীয় দৃশ্যের অবতারণা
হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, করিডোর ও সিঁড়ি দিয়ে দৌড়ে এজেন্টদের হাত থেকে কৌশলে
পালিয়ে যান তিনি। পরবর্তীতে তিনি সিনেট চেম্বারে পৌঁছাতে সক্ষম হলে সিনেট প্রেসিডেন্ট
এবং দুতের্তের ঘনিষ্ঠ মিত্র অ্যালান পিটার কায়েতানো তাকে ‘প্রতিরক্ষামূলক হেফাজতে’ রাখার ঘোষণা দেন।
রোনাল্ড দেলা রোসা সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের শাসনামলে ফিলিপাইনের পুলিশ
প্রধান ছিলেন। সে সময় মাদকবিরোধী অভিযানের নামে হাজার হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে
হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আইসিসি গত সোমবার একটি পরোয়ানা উন্মোচন করেছে, যেখানে
তাকে এই হত্যাকাণ্ডের অনুমতি প্রদান, প্রশ্রয় দেওয়া এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে ‘মানবতার বিরুদ্ধে অপরাধে’ অভিযুক্ত করা
হয়েছে। উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট দুতের্তেকে গত বছরই গ্রেপ্তার করে হেগ-ভিত্তিক
আইসিসি-তে পাঠানো হয়েছে।
বুধবার রাতে রাইফেলধারী সামরিক সদস্যরা
সিনেট ভবনের ভেতরে প্রবেশ করলে বিশৃঙ্খলা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া
ভিডিওতে গুলির শব্দ শোনা গেছে। সিনেট প্রেসিডেন্ট কায়েতানো ফেসবুক লাইভে এসে আতঙ্কিত
কণ্ঠে বলেন, “আমরা জানি না
কী হচ্ছে। আমাদের সবাইকে রুমের ভেতর আটকে রাখা হয়েছে। আমরা আমাদের কর্মীদের নিরাপত্তা
দিতে পারছি না। এটি ফিলিপাইনের সিনেট, কেন এখানে আক্রমণ করা হচ্ছে?”
এই ঘটনা ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট
ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এবং ভাইস-প্রেসিডেন্ট সারা দুতের্তের (রদ্রিগো দুতের্তের
মেয়ে) মধ্যকার চলমান রাজনৈতিক যুদ্ধকে আরও উস্কে দিয়েছে। দেলা রোসা তার সমর্থকদের সিনেট
ভবনের সামনে জড়ো হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “আরেকজন ফিলিপাইনবাসীকে যেন হেগ-এ (আইসিসি)
নিয়ে যেতে না দেওয়া হয়।” তিনি সামরিক বাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছেন যেন তাকে ‘বিদেশিদের’ হাতে তুলে দেওয়া না হয়।
বর্তমানে সিনেট ভবনটি ঘিরে রাখা হয়েছে
এবং ভেতরের পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। দেলা রোসার পরিণতি কী হবে, তা নিয়ে পুরো
দেশ এখন গভীর উদ্বেগের মধ্যে রয়েছে।
বাংলাদেশের খবর/এম.আর

