স্টারমারের বিপক্ষে নেতৃত্বের লড়াইয়ে নামছেন ওয়েস স্ট্রিটিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:২৫
কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল এখন চূড়ান্ত রূপ নিয়েছে। গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে অভাবনীয় ভরাডুবির জেরে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রধানমন্ত্রিত্ব এবং দলীয় নেতৃত্ব এখন খাদের কিনারায়। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই খবর পাওয়া যাচ্ছে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করে সরাসরি স্টারমারকে নেতৃত্বের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। বুধবার সকালে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক ‘ক্রাঞ্চ মিটিং’ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ওয়েস স্ট্রিটিং।
তবে কৌতূহলোদ্দীপক বিষয় হলো, এই বৈঠকটি
স্থায়ী ছিল মাত্র ১৬ মিনিট। বৈঠক শেষে স্ট্রিটিং গণমাধ্যমের সাথে কোনো কথা না বললেও
তার ঘনিষ্ঠ মিত্ররা ইঙ্গিত দিয়েছেন যে, আলোচনার পরিবেশ ছিল অত্যন্ত শীতল এবং স্ট্রিটিং
তার সিদ্ধান্তে অটল।
ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ ও ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী,
স্ট্রিটিং বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দিতে পারেন। পদত্যাগের পরপরই তিনি আনুষ্ঠানিকভাবে
লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে নামার ঘোষণা দেবেন। বর্তমান নিয়ম অনুযায়ী, স্টারমারের
বিরুদ্ধে অনাস্থা আনতে ৮১ জন এমপির সমর্থনের প্রয়োজন, যা স্ট্রিটিংয়ের শিবিরের হাতে
রয়েছে বলে দাবি করা হচ্ছে। ইতোমধ্যে ৯২ জন এমপি স্টারমারের অপসারণের পক্ষে মত দিয়েছেন
বলে জানা গেছে।
গত ৭ মে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে লেবার
পার্টি তাদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। দলটি ১,৪৯৬ জন কাউন্সিলর এবং
৩৭টি কাউন্সিলের নিয়ন্ত্রণ হারিয়েছে। বিপরীতে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ‘রিফর্ম ইউকে’ ১,৪৫১টি আসনে জয়লাভ করে লেবার
ও কনজারভেটিভ—উভয় দলকেই বড় ধাক্কা দিয়েছে। এই পরাজয়ের দায় সরাসরি স্টারমারের নেতৃত্বের
ওপর চাপিয়ে দিয়েছেন দলের একদল বিদ্রোহী এমপি।
বিদ্রোহ দমনে স্টারমার ইতোমধ্যে জেসি ফিলিপস
ও জুবের আহমেদের মতো চারজন মন্ত্রীকে বরখাস্ত বা সরিয়ে নতুনদের স্থলাভিষিক্ত করেছেন।
তবে তার শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্টারমার কোনোমতেই পদত্যাগ করবেন না এবং
যেকোনো ধরনের নেতৃত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে তিনি প্রস্তুত। রাজার ভাষণের প্রাক্কালে
স্টারমার নিজেকে সংহত দেখানোর চেষ্টা করলেও তার নিজের দলেই এখন ভাঙন স্পষ্ট।
বাংলাদেশের খবর/এম.আর

