Logo

আন্তর্জাতিক

শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

Icon

হাসান রাজীব

প্রকাশ: ২২ মে ২০২৬, ২১:১৫

শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে বহু প্রতিক্ষিত একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি এই খসড়া চুক্তিটি আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে বিশেষ সূত্রে জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

চুক্তির খসড়া অনুযায়ী, উভয় পক্ষই জল, স্থল ও আকাশপথসহ সব ক্ষেত্রে একটি তাৎক্ষণিক, ব্যাপক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই চুক্তির আওতায় ওয়াশিংটন ও তেহরান একে অপরের সামরিক, বেসামরিক কিংবা অর্থনৈতিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা না চালানোর পারস্পরিক প্রতিশ্রুতি দিয়েছে।

একই সঙ্গে সমস্ত সামরিক অভিযান বন্ধের পাশাপাশি দুই দেশের মধ্যকার চলমান ‘মিডিয়া যুদ্ধ’ বা প্রচারণামূলক লড়াইও স্থগিত করা হবে।

চলমান শান্তি উদ্যোগের অংশ হিসেবে একটি সম্ভাব্য শান্তি ও উত্তেজনা হ্রাস চুক্তির খসড়া প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানি নীতিবিশেষজ্ঞ আলী কে চিশতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই খসড়া প্রকাশ করেন। তিনি দাবি করেন, ঘোষণাপত্রটি পাকিস্তানের উদ্যোগে প্রস্তুত করা হয়েছে এবং এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

খসড়ায় আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানানোর অঙ্গীকারও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকাশিত ঘোষণাপত্র অনুযায়ী, উভয় পক্ষ স্থল, সমুদ্র ও আকাশ—সব রণাঙ্গনে তাৎক্ষণিক, ব্যাপক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হবে। পাশাপাশি সামরিক, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার পারস্পরিক অঙ্গীকারের কথাও উল্লেখ করা হয়েছে। এতে সব ধরনের সামরিক অভিযান ও তথাকথিত ‘মিডিয়া যুদ্ধ’ বন্ধের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে একে অপরের সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

খসড়ায় পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান সাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। এছাড়া যৌথ পর্যবেক্ষণ ও বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা গঠনের প্রস্তাব রাখা হয়েছে। ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, চুক্তি কার্যকরের সাত দিনের মধ্যে সব অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা শুরু হবে। পাশাপাশি ইরানের পূর্ণ আনুগত্যের বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে বলেও খসড়ায় উল্লেখ রয়েছে।

এদিকে রয়টার্সের বরাতে জানা গেছে, আলোচনার টেবিলে দুই দেশের মধ্যকার দূরত্ব অনেকটাই কমে এসেছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে এখনো কিছু বিষয়ে মতদ্বৈধতা রয়ে গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা। তা সত্ত্বেও, পাকিস্তানের কূটনৈতিক তৎপরতায় দীর্ঘদিনের এই অচলাবস্থা কাটানোর ক্ষেত্রে একে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এবার চুক্তি হওয়ার সম্ভাবনা আছে: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। চুক্তির হওয়ার ব্যাপারে ভালো কিছু লক্ষণ রয়েছে বলেও জানান রুবিও।

তিনি বলেন, পাকিস্তানি কর্মকর্তারা তেহরানে যাবেন। আশা করি বিষয়টির আরও অগ্রগতি হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভালো চুক্তিকে প্রাধান্য দিয়েছেন। এটিই তার প্রাধান্য। ভালো চুক্তিই সবসময় তার প্রাধান্য ছিল। যদি আমরা একটি ভালো চুক্তি করতে পারি। তাহলে বিষয়টি অসাধারণ হবে। কিন্তু যদি আমরা ভালো চুক্তি না করতে পারি, প্রেসিডেন্ট বরাবর পরিষ্কার— তার কাছে অন্য ব্যবস্থাও আছে। সে ব্যবস্থাটি কি আমি সেটি খোলাসা করব না। তবে সবাই জানেন এটি কী।

রুবিও আরও বলেন, চুক্তির ব্যাপারে কিছু ভালো লক্ষণ আছে। আমি খুব বেশি আশাবাদী হতে চাই না। তবে দেখা যাক সামনের কয়েকদিনে কী হয়।

হরমুজে স্থায়ী টোল নিয়ে ইরান-ওমান আলোচনা: পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর স্থায়ী টোল আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে ইরানের নিয়ন্ত্রণ আরও আনুষ্ঠানিক ও শক্তিশালী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ আমিন-নেজাদ গত বুধবার প্যারিসে এক সাক্ষাৎকারে জানান, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চলাচল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইরান ও ওমানকে সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে হবে।

তিনি বলেন, এই নিরাপত্তা ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় বড় ধরনের ব্যয় হবে।

তাই যারা এই নৌপথ ব্যবহার করে সুবিধা নেবে, তাদেরও সেই ব্যয়ের অংশ বহন করা উচিত। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হবে বলেও দাবি করেন তিনি।

তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমরা চাই এই পথ খোলা ও মুক্ত থাকুক। আমরা কোনো টোল চাই না।

এদিকে, প্রস্তাবিত টোল ব্যবস্থা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ওমান সরকার।

হিজবুল্লাহর ৯ ব্যক্তিকে মার্কিন নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুক্ত ৯ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা লেবাননের শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন এবং এটিকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন ট্রেজারি এমন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকবে যারা লেবাননের সরকারে অনুপ্রবেশ করে হিজবুল্লাহকে সহায়তা করছে এবং সহিংসতা ও অস্থিরতা ছড়াচ্ছে।’

ইরান-সমর্থিত হিজবুল্লাহ লেবাননে রাজনৈতিক ও সামরিক দুইভাবেই প্রভাবশালী। সংগঠনটির সংসদে প্রতিনিধিত্বও রয়েছে। তারা সম্প্রতি লেবানন-ইসরাইল শান্তি আলোচনার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল গোষ্ঠীটিকে নিরস্ত্র করার আহ্বান জানিয়ে আসছে। 

নিষেধাজ্ঞার তালিকায় হিজবুল্লাহর কয়েকজন সংসদ সদস্য, নেতা, আমাল আন্দোলনের সদস্য এবং কিছু সামরিক কর্মকর্তাও রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হিজবুল্লাহর অর্থনৈতিক নেটওয়ার্ক ভাঙতে সহায়তাকারী তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে।

লেবাননের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে যুদ্ধবিরতির পরও কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানির দাম: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের সন্দেহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। বিশেষ করে তেহরানের ইউরেনিয়াম মজুত এবং হরমুজ প্রণালিতে অবরোধ ইস্যুতে দুই দেশ এখনো অচলাবস্থায় থাকায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বা ২ দশমিক ৩৮ ডলার বেড়ে দাঁড়ায় ১০৪ দশমিক ৯৬ ডলারে।  অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৭৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে।

এর আগে বৃহস্পতিবার উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছিল, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থান ছিল।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন যে, দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। বিষয়টি জানিয়েছেন ইরানের দুইটি সূত্র। এতে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে তেহরানের অবস্থান আরও কঠোর হলো। এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও হতাশ করতে পারে এবং ইরান যুদ্ধ অবসানের আলোচনা জটিল করে তুলতে পারে।

গত ২৮ মে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। টানা ৪০ দিন যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। যা গত ৮ এপ্রিল কার্যকর হয়। এখন পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকলেও এটি ভঙ্গুর অবস্থায় আছে। এই যুদ্ধবিরতির মধ্যেই তেহরান ও ওয়াশিংটন চুক্তি নিয়ে আলোচনা করে যাচ্ছে। যদিও তারা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে একমাত্র প্রত্যক্ষ বা সরাসরি আলোচনাটি হয় গত এপ্রিল মাসে। পাকিস্তানে অনুষ্ঠিত সে আলোচনার কেন্দ্রে ছিলেন অসিম মুনির। কিন্তু সে বৈঠক ব্যর্থ হয়। তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে ‘অতিরিক্ত দাবি’ তোলার অভিযোগ করে। এরপর থেকে দুই পক্ষই একে অপরের কাছে একাধিক প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু উভয়ই সেগুলো প্রত্যাখ্যান করেছে। সঙ্গে হরমুজ প্রণালিসহ নতুন সামরিক সংঘাত শুরুর পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন