Logo

আন্তর্জাতিক

ইরানে নতুন হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

Icon

হাসান রাজীব

প্রকাশ: ২৩ মে ২০২৬, ২১:১৯

ইরানে নতুন হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

# তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ও কাতার প্রতিনিধি দল

# হামলার আশঙ্কায় ইরানের আকাশসীমা বন্ধ

# ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না- ট্রাম্প

# লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০

চলতি বছরের এপ্রিলের শুরুতে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি একে অপরের ওপর আক্রমণ থেকে অনেকটাই বিরত রয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদি চুক্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনার জন্য সময় তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

যুদ্ধ পরিকল্পনার সঙ্গে যুক্ত সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন গত শুক্রবার নতুন হামলার প্রস্তুতি নিচ্ছিল, যদিও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, সরকারি দায়িত্ব পালনের কারণে তিনি শনিবার তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। এছাড়াও সাপ্তাহিক ছুটির দিনগুলো তার নিউ জার্সিতে অবস্থিত নিজের গলফ রিসোর্টে কাটানোর কথা ছিল, কিন্তু এখন তিনি হোয়াইট হাউসে ফিরে যাচ্ছেন।

আরও কয়েকটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যর ছুটি বাতিল করা হয়েছে। নতুন হামলার সম্ভাবনার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রগুলোর মতে, মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা বিদেশে অবস্থিত ঘাঁটিগুলোতে প্রস্তুত অবস্থায় থাকা সেনাদের তালিকা হালনাগাদ করছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত কিছু সেনা প্রত্যাহারও করা হচ্ছে, যাতে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি কমানো যায় এবং ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া মোকাবিলা করা যায়।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি সিবিএস নিউজকে বলেন, ‘ট্রাম্প তার সীমারেখা খুব স্পষ্টভাবে নির্ধারণ করেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং তারা সমৃদ্ধ ইউরেনিয়ামও রাখতে পারবে না।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরে ইরান নতুন একটি মানচিত্র প্রকাশ করার পর পারস্য উপসাগরে আটকে থাকা ২০ হাজারের বেশি নাবিকের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বেড়েছে। ইতোমধ্যেই এসব নাবিকরা খাদ্য ও পানির সংকটে ভুগছেন। 

রয়টার্সের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন মাস ধরে এসব নাবিক সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় জীবন কাটাচ্ছেন। তারা ছোট ছোট কক্ষ, যৌথ খাবারঘর এবং প্রখর রোদে উত্তপ্ত জাহাজের ডেকে অল্প কয়েকজন সহকর্মীর সঙ্গে সময় পার করছেন।

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ও কাতার প্রতিনিধি দল: পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তার সফরসঙ্গী প্রতিনিধিদল শুক্রবার সন্ধ্যায় ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সেখানে তাকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দর মোমেনি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি গত বুধবার থেকেই তেহরানে অবস্থান করছেন। তিনিও অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে পাকিস্তান আইএসপিআর জানায়, আসিম মুনিরের এই সফরের উদ্দেশ্য হলো ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে’ আলোচনা চালিয়ে যাওয়া।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন, কাতারের একটি প্রতিনিধি দল শুক্রবার তেহরানে অবস্থান করেছিল এবং তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছে।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘেই বলেছেন, ‘এই সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক- উভয় পর্যায়ের অনেক দেশ যুদ্ধ বন্ধ করতে এবং উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে সহায়তার চেষ্টা করছে।’ তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। তিনি আরও জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান ও কাতার।

প্রসঙ্গত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব- এই তিন দেশের অনুরোধে ইরানের ওপর হামলা আপাতত স্থগিত করেছিলেন বলে গত সোমবার মন্তব্য করেছিলেন ট্রাম্প।

হামলার আশঙ্কায় ইরানের আকাশসীমা বন্ধ: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের পশ্চিমাঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা। 

গতকাল এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তেহরানের ‘ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের’ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলোতে সকল ধরনের বেসামরিক বিমান চলাচলের অনুমতি স্থগিত করা হয়েছে। এতে আরও বলা হয়, তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি বিমানবন্দরের পাশাপাশি ইসফাহান ও ইয়াজদের বিমানবন্দরসহ সারাদেশে আটটি বিমানবন্দর চালু রয়েছে। তবে সেই বিমানবন্দরগুলোতেও সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ দিনের আলোতে ফ্লাইট চলাচলের সময় সীমাবদ্ধ করা হয়েছে। এছাড়াও বিমান সংস্থাগুলোকে প্রতিটি ফ্লাইটের জন্য বেসামরিক বিমান চলাচল সংস্থা থেকে নতুন করে অনুমোদন নিতে হচ্ছে।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরও সামরিক সংঘাতের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা-কল্পনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এরআগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর কথা বিবেচনা করছে, এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে থাকার জন্য তার সাপ্তাহিক কর্মসূচি পরিবর্তন করেছেন।

ট্রাম্প জানান, সরকারি দায়িত্ব পালনের কারণে তিনি শনিবার তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না।’ মূলত সাপ্তাহিক ছুটির দিনগুলো তার নিউ জার্সিতে অবস্থিত নিজের গলফ রিসোর্টে কাটানোর কথা ছিল, কিন্তু এখন তিনি হোয়াইট হাউসে ফিরে যাচ্ছেন।

ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না- ট্রাম্প: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং বিষয়টি তারা ভালোভাবেই জানে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই এ পরিস্থিতির একটি সমাপ্তি ঘটবে।

নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প আরও জানান, ইরান ও ভেনেজুয়েলায় হামলার বিষয়ে বিশ্ব তার সিদ্ধান্তকে কীভাবে দেখছে, সেটিও গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের ভাষায়, ‘ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? মন্দ না। ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে, ইরানের যুদ্ধে যে খরচ হয়েছে, তার প্রায় ২৫ গুণ উঠে এসেছে।’

ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০: লেবাননে ইসরায়েলের নতুন বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যম।

গতকাল ভোরের দিকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। খবর বার্তা সংস্থা এএফপি’র।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, মধ্যরাতের কিছু আগে ব্রিটালের উপকণ্ঠে পাহাড়ি এলাকা নাবি শ্রেইজে পাঁচটি বিমান হামলা চালানো হয়। হিজবুল্লাহর সঙ্গে ১৭ এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে এলাকাটি হামলার বাইরে ছিল।

দক্ষিণাঞ্চলীয় শহর টাইরে অবস্থানরত এএফপির এক সংবাদদাতা জানান, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথমে শহরের উপকণ্ঠে একটি ভবনে হামলা হয়। পরে শহরের ভেতরে আরেকটি হামলা চালানো হয়। এতে এলাকায় ঘনকালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

গত ৮ এপ্রিল এক যুদ্ধবিরতির মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ থামলেও স্থায়ী শান্তি চুক্তির আলোচনা প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি। গত বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধ অবসানের আলোচনা বর্তমানে চুক্তি অথবা নতুন করে হামলার মাঝামাঝি এক ‘সন্ধিক্ষণে’ রয়েছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন