# ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা
# ইসরায়েল-ইরান হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের
# ইসরাইলে হামলা স্থগিতের ঘোষণা ইরানের
# ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি
# লেবাননের ২৯ সেনা সদস্য নিহত
# ইরানে ইসরাইলের হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র: বাঘাই
# পাল্টাপাল্টি হামলায় ফের তেলের দাম বাড়ল
ইরানের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল সোমবার সকালে পরিচালিত এ হামলাকে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে এই পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এতে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। সোমবার রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানসহ কারাজ, ইসফাহান, তাবরিজ এবং কেরমানশাহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, স্থানীয় সময় সোমবার সকালে ইসরায়েলি বিমান বাহিনী মধ্য ও পশ্চিম ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
আইডিএফের দাবি, ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পর এই প্রথম ইরানের ভূখণ্ডে হামলা চালাল ইসরায়েল।
এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালালে জবাবে আক্রমণ আরও জোরদার করার এবং অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল ইরান। বিশ্লেষকদের মতে, নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে এবং বৃহত্তর সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে।
হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না।
এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে বিস্তৃত হয় ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক অবস্থান ঘোষণার মধ্য দিয়ে। এতে লোহিত সাগর ও গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
ইসরাইলে হামলা স্থগিতের ঘোষণা ইরানের: ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে সতর্ক করে তারা বলেছে, তেল আবিব লেবাননে আগ্রাসন শুরু করলে আরও কঠোরভাবে আঘাত হানা হবে।
ইরানি আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এমন তথ্য জানিয়েছে। ইরানের এই ঘোষণার কিছু সময় আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে হামলা বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান জানান।
গত রোববার রাতে দুই দেশের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার কারণে গত এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছিল। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ইরান ও ইসরায়েল এখন ‘অবিলম্বে যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে।’ কারও বোকামি বাধা হয়ে না দাঁড়ালে শান্তি প্রতিষ্ঠার চূড়ান্ত আলোচনা এগিয়ে চলছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী বলেছে, সবশেষ অভিযান থেকে জায়নবাদী শাসকগোষ্ঠী ও তাদের সমর্থকদের অবশ্যই শিক্ষা নিতে হবে। যদি আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে আগের চেয়ে আরও অনেক বেশি ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হবে।
ইসরায়েলে অভিযান চালানোর জন্য ইরান ও ইয়েমেনকে ধন্যবাদ দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে তারা বলেছে, জায়নবাদী শক্তি ও তাদের লাগামহীন আগ্রাসনই অঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক অঙ্গনে বিপজ্জনক প্রতিক্রিয়ার কারণ।
ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে, নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, তার দেশ ইরানে বেশ কয়েকদিন ধরে অভিযান চালানোর মতো প্রস্তুতি নিয়ে রেখেছে।
ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা: ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। সামাজিক মাধ্যম টেলিগ্রামে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি। ঠিক কোথায় এই হামলা চালানো হয়েছে তাও ওই পোস্টে জানানো হয়নি।
এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে রোববার জানা গেছে, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইরানের বার্তা সংস্থা মেহরের খবর বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে এই বিমানবন্দরটি চালু করা হয়।
গত এপ্রিলের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই রোববার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
ইসরায়েল-ইরান হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের: ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে গুলি চালানো বন্ধ করতে হবে।
এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা না চালানোর আহ্বান জানান।
লেবাননে অবিরাম হামলা চালানোর জেরে রবিবার রাত থেকে ইসরায়েলজুড়ে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সোমবার সকালে ইসরায়েলে দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এসব হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনী ইরানে দুই দফায় হামলা চালিয়েছে। ইসরায়েল বলেছে, তারা রাতভর ইরানের নয়টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। এছাড়া ইরানের দক্ষিণপশ্চিমে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
জবাবে ইসরায়েলের হাইফা শহরে একটি কেমিক্যাল কারখানায় হামলার দাবি করেছে ইরানি বাহিনী।
ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি: ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আল-জাজিরাসহ একাধিক বৈশ্বিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির বরাতে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে উত্তর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইসরায়েলের স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়েছে। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে, তা জানা যায়নি। আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলের অনেক জায়গায় ক্ষেপণাস্ত্র সতর্ক অ্যালার্ম বেজে উঠেছে। পরে আইডিএফ জানায়, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলজুড়ে স্কুলসহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। একইসঙ্গে নাগরিকদের বাড়িঘর ছেড়ে সেফ হোম এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।
ইরানের তাসনিম এজেন্সির বরাত দিয়ে দেওয়া এক বিবৃতিতে, ইরানি সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়ার একজন কমান্ডার বলেছেন, বৈরুতে হামলা এবং দক্ষিণ লেবাননে তাদের আক্রমণ বিস্তৃত করার মাধ্যমে ইসরায়েল ‘সমস্ত সীমা’ অতিক্রম করেছে।
লেবাননের ২৯ সেনা সদস্য নিহত: লেবাননে গত ২ মার্চের পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ২৯ জন লেবাননের সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী পল মরকোস।
নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পুলিশ সদস্য, জেনারেল সিকিউরিটি ডিরেক্টরেটের একজন সদস্য এবং স্টেট সিকিউরিটি বাহিনীর ১৩ সদস্য।
এই তথ্য প্রকাশ করা হয় এমন এক সময়, যখন দুই দিন আগে দক্ষিণ লেবাননে একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় লেবানন সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল ও একজন ক্যাপ্টেন ছিলেন। এছাড়া দেশটির পার্লামেন্টের নিরাপত্তা টিমের একজন সদস্যও ওই হামলায় প্রাণ হারান।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে মোট ৩ হাজার ৬১৩ জন নিহত হয়েছেন।
ইরানে ইসরাইলের হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র- বাঘাই: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী। তিনি বলেন, ইসরাইলের সামরিক পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের নীতি থেকে আলাদা করা যায় না।
বাঘাই বলেন, ‘কেউই বিশ্বাস করে না যে ইসরাইলি সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো পদক্ষেপ নেবে। ইসরাইলি সরকারের আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র দায়ী এবং উত্তেজনা বৃদ্ধির যেকোনো পরিণতির জন্যও ওয়াশিংটনই দায়ী থাকবে।’
গত রোববার ইসরাইল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালায়। একে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে তেহরান। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি হামলায় দুটি পৃথক ভবনের দুটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় দুজন নিহত হন।
পাল্টাপাল্টি হামলায় যা বলছে ইরান-ইসরায়েল: ইসরায়েলে ইরানের চালানো হামলার কারণ হিসেবে দুটি বিষয় সামনে এসেছে। একটির কথা আইআরজিসির মুখপাত্র সরাসরি উল্লেখ করেছেন। অন্য একটি কারণের কথা জানিয়েছে আইআরজিসি ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স।
আইআরজিসির বরাত দিয়ে ফার্স জানিয়েছে, রাডার স্টেশনগুলোতে হামলার জবাব হিসেবে ইরান ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।
তবে বাহিনীটির মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের অবশ্যই দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলা বন্ধ করতে হবে।
লেবাননে তেল আবিবের হামলার প্রতিশোধ নেওয়ার কথাটি উঠে এসেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটারের এক্স পোস্টেও। তিনি দাবি করেছেন, লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলার প্রতিশোধ নিতেই ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইসরায়েলের হামলার বিষয়ে ইয়েখিয়েল লেইটার বলেন, ‘ইরান ১১টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই উন্মাদ ইরানি সরকারের কর্মকাণ্ডে প্রত্যেকেই অতিষ্ঠ।’ তিনি জানান, ইসরায়েল মূলত ইরানের ‘সারফেস-টু-সারফেস’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং অবকাঠামোগত স্থাপনা লক্ষ্য করে আঘাত হানছে।
পাল্টাপাল্টি হামলায় তেলের দাম বাড়ল: ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সোমবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া নাজুক যুদ্ধবিরতির পর এই প্রথম ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান। ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম সোমবার সকালে ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।
এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে জ্বালানি তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে। গত এক সপ্তাহ ধরে প্রতি ব্যারেলের দাম প্রায় ৯৫ ডলারের আশপাশে ঘোরাফেরা করছে।
বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ও জ্বালানি প্রবাহের ওপর যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা নিয়ে ব্যবসায়ীসহ বিনিয়োগকারীরা হিসাব-নিকাশ করছেন।
বাংলাদেশের খবর/এইচআর

