Logo

আন্তর্জাতিক

ইন্সটাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি আমরা, মোদিকে বললেন মেলোনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৬:১৬

ইন্সটাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি আমরা, মোদিকে বললেন মেলোনি

ছবি: সংগৃহীত

জি-৭ সম্মেলনের ফাঁকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কানাডায় অনুষ্ঠিত এবারের সম্মেলনে দুই নেতার সংক্ষিপ্ত কিন্তু প্রাণবন্ত কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

গ্রুপ ছবি তোলার আগে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় মেলোনিকে বলতে শোনা যায়, 'আবার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে।' এরপর হাস্যরসের সুরে তিনি যোগ করেন, 'আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।'

মেলোনির মন্তব্যে সায় দিয়ে মোদিও তাদের ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জনপ্রিয় ‘মেলোডি’ ট্রেন্ডের প্রসঙ্গ তোলেন। মুহূর্তটি দ্রুতই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়।

মোদি ও মেলোনির নাম মিলিয়ে তৈরি হয়েছে ‘মেলোডি’ শব্দটি। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ জলবায়ু সম্মেলনে মোদির সঙ্গে তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন মেলোনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'গুড ফ্রেন্ডস' এবং ব্যবহার করেছিলেন মেলোডি হ্যাশট্যাগ।

এরপর থেকেই ‘মেলোডি’ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়। বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে অসংখ্য মিম, ভিডিও ও ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে দুই নেতার সাক্ষাৎ হলেই নতুন করে আলোচনায় আসে ‘মেলোডি’।

গত মাসে ইতালি সফরের সময় মেলোনিকে ‘মেলোডি’ নামের একটি টফি উপহার দেন মোদি। ঘটনাটিকেও অনেকে ‘মেলোডি’ ট্রেন্ডের প্রতি তার মজার স্বীকৃতি হিসেবে দেখেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, নীল রঙের বন্দগালা স্যুট পরা মোদি মেলোনির হাতে টফির প্যাকেট তুলে দিচ্ছেন। উপহার পেয়ে হাসিমুখে ধন্যবাদ জানান ইতালির প্রধানমন্ত্রী।

ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, 'প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য একটি উপহার এনেছেন... খুব, খুব ভালো টফি।' এ সময় দুই নেতাকেই হাস্যোজ্জ্বল দেখা যায়।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিকতার বাইরে মোদি ও মেলোনির এই বন্ধুত্বপূর্ণ রসিকতা আন্তর্জাতিক অঙ্গনেও বেশ আগ্রহের জন্ম দিয়েছে। আর সেই কারণেই ‘মেলোডি’ এখন শুধু একটি হ্যাশট্যাগ নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমের বহুল আলোচিত এক বৈশ্বিক ট্রেন্ডে পরিণত হয়েছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন