Logo

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৬:০৬

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় যাত্রীবাহী দুই ট্রেনে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক ট্রেনের চালক নিহত হয়েছেন এবং অন্তত ৮৯ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) বিকাল সোয়া ৫টার এ ঘটনাকে বড় ধরনের দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে ব্রিটিশ পরিবহন পুলিশ (বিটিপি)।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ২২ জন গুরুতরভাবে জখম হয়েছেন। এ ছাড়া বাকি ৫৬ জন সামান্য আঘাত পেয়েছেন।

যুক্তরাজ্যের রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের (আরএমটি) সাধারণ সম্পাদক এডি ডেম্পসি গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত চালক তাদের ইউনিয়নের একজন সাবেক প্রতিনিধি ছিলেন।

ঘটনার বর্ণনায় ট্রেনের সামনের বগিতে থাকা যাত্রী পিটার ন্যাপ বলেন, আমি যখন ধাক্কা সামলে উঠে দাঁড়ালাম, দেখলাম চারদিকের সিটগুলো উপড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। পুরো বিষয়টা আমার কাছে একটা বোমা বিস্ফোরণের মতো মনে হয়েছিল। মানুষের মুখ রক্তাক্ত ছিল, অনেকের পা ভেঙে যায় এবং চারদিকে শুধু ধোঁয়া উড়ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলাম পুলিশ যাত্রীদের তথ্য নিচ্ছে এবং অনেককে হাসপাতালে পাঠানো হচ্ছে। মুখ থেকে রক্ত ঝরতে দেখেছি।

টেরেসা ইতাবোর নামের আরেকজন যাত্রী তার জন্মদিন উদযাপন করতে লন্ডনে যাচ্ছিলেন। তিনি বলেন, বেডফোর্ড স্টেশন ছাড়ার পরপরই একটা বিকট শব্দ হলো। কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাথা সামনের সিটে সজোরে আঘাত করে। চোখ খুলে দেখি মেঝেতে মানুষ পড়ে আছে, আর চারদিকে শুধু রক্ত।

এ দুর্ঘটনার পর শুক্রবার সন্ধ্যা থেকে সেন্ট প্যানক্রাসগামী এবং সেখান থেকে ছেড়ে যাওয়া সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। রেল কর্তৃপক্ষ (ইএমআর) জানিয়েছে, শনিবার এই রুটে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন