ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২০:২৫
যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ইউক্রেন সফরের ঠিক আগমুহূর্তে দেশটির জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মাইখাইলো ফেদোরোভকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিদেশি সহযোগী রাষ্ট্র ও ইউক্রেনের সুশীল সমাজের তীব্র আপত্তি ও অনুরোধ সত্ত্বেও সরকারের এক বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক টেলিগ্রাম বার্তায় মাত্র
ছয় মাস দায়িত্ব পালন করা ৩৫ বছর বয়সী ফেদোরোভ তার বিদায়ের খবর নিশ্চিত করেন। তিনি বলেন,
ইউক্রেনের জনগণের সেবা করতে পারা ছিল তার জন্য এক "মস্ত বড় সম্মান"। প্রতিরক্ষামন্ত্রীর
দায়িত্বে আসার পর প্রতিরক্ষা খাতকে আধুনিকায়ন ও দুর্নীতি মুক্ত করার পেছনে বড় ভূমিকা
ছিল তার।
বিদায় বেলায় ফেদোরোভ তার অর্জনের একটি
তালিকা প্রকাশ করেন, যার মধ্যে রুশ বাহিনীর ব্যবহৃত ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা নিষ্ক্রিয় করা, দূরপাল্লার
ড্রোন সংগ্রহ করে রাশিয়ার রসদ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা এবং অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপকে
বিচ্ছিন্ন করার মতো বিষয়গুলো রয়েছে। এছাড়া সামরিক ক্রয়ের পুরো ব্যবস্থায় মৌলিক পরিবর্তন
এনে রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় করেছেন বলেও তিনি দাবি করেন।
ফেদোরোভের বিদায়ের দিনেই ইউক্রেনীয় সামরিক
বাহিনী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ফেদোরোভ জানান,
এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত মান উন্নত করার মাধ্যমে নির্ভুল নিশানা নিশ্চিত করা
হয়েছে এবং এর উৎপাদন খরচ ৩০ শতাংশ কমানো সম্ভব হয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের
এমন দৃশ্যমান অগ্রগতির মধ্যেই এই বরখাস্তের ঘটনাটি ঘটল, যা কিয়েভে পৌঁছানো ব্রিটিশ
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সফরকে কিছুটা ম্লান করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন সরকারের এই নাটকীয় রদবদল কেবল
প্রতিরক্ষামন্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ নয়। গত বুধবার ইউক্রেনের পার্লামেন্ট প্রধানমন্ত্রী
ইউলিয়া সভিরিদেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণ করেছে। প্রেসিডেন্ট জেলেনস্কি সরকারের এক প্রকার
'রিসেট' বা খোলনলচে বদলে ফেলার ঘোষণা দেওয়ার পর এই পদত্যাগের ঘটনা ঘটে। নতুন প্রধানমন্ত্রী
হিসেবে জ্বালানি কোম্পানি 'নাফতোগাজ'-এর প্রধান সের্হি কোরেতস্কির নাম জোরেসোরে শোনা
যাচ্ছে।
এদিকে ফেদোরোভের এই অপসারণের সিদ্ধান্ত
ইউক্রেনের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ইউক্রেনের সেনাপ্রধান
কর্নেল জেনারেল ওলেকসান্ডার সিরস্কির সঙ্গে ফেদোরোভের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জের
ধরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গুজব ছড়িয়েছে।
মস্কোয় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত
মাইকেল ম্যাকফলের মতো ইউক্রেনের আন্তর্জাতিক বন্ধুরাও জেলেনস্কিকে ফেদোরোভকে পদে রাখার
অনুরোধ জানিয়েছিলেন। প্রতিরক্ষামন্ত্রীর এই আকস্মিক বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে
হাজার হাজার ইউক্রেনীয় নাগরিক ক্ষোভ প্রকাশ করছেন এবং থিংকট্যাংক বিশ্লেষকরা যুদ্ধের
এই সংকটময় সময়ে বারবার প্রতিরক্ষামন্ত্রী বদল করার সিদ্ধান্তকে "অস্বাভাবিক"
ও দেশের বিজয়ের অন্তরায় বলে অভিহিত করেছেন।
বাংলাদেশের খবর/এম.আর

