ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এতে বৈশ্বিক তেল রপ্তানি হুমকির মুখে পড়েছে। ফলে হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানির জন্য পাইপলাইন চালু করছে ইরাক। এ লক্ষ্যে দেশটি বেশ কয়েকটি চুক্তি করেছে।
শুক্রবার (১৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক সরকার পশ্চিমা তেল কোম্পানিগুলোর সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে।
এর মধ্যে একটি হলো একটি জ্বালানি সরবরাহপথ পুনরুদ্ধার করা। এ চুক্তির মাধ্যমে বাগদাদ হরমুজ প্রণালি ব্যবহার না করেই তেল রপ্তানি করতে পারবে।
শুক্রবার ওয়াশিংটনে ইউএস চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরাক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
এটি এমন এক সময়ে স্বাক্ষরিত হয়েছে, যখন বাগদাদ হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে চাইছে। এ প্রণালিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে নৌযান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
দীর্ঘদিন ধরে অচল থাকা ইরাক-সিরিয়া অপরিশোধিত তেল পাইপলাইনটি পুনর্নির্মাণের জন্য ইরাক ও সিরিয়া একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। পাইপলাইনটি উত্তর ইরাকের তেলসমৃদ্ধ কিরকুক অঞ্চল থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বানিয়াস পর্যন্ত বিস্তৃত।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, প্রধান মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন এ চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা পাইপলাইনটি পুনর্বাসনের জন্য ইরাক ও সিরিয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক কনসোর্টিয়াম প্রকল্পটির প্রযুক্তিগত ও আর্থিক দিক বাস্তবায়ন করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, পুনর্বাসনের পর এই পাইপলাইন দিয়ে প্রাথমিকভাবে দৈনিক ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা সম্ভব হবে।
বাংলাদেশের খবর/এইচআর

