Logo

আন্তর্জাতিক

কঙ্গোতে ইবোলায় এক হাজার মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৬:৫১

কঙ্গোতে ইবোলায় এক হাজার মৃত্যু

ছবি: সংগৃহীত

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আরো ভয়াবহ আকার ধারণ করেছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআর কঙ্গোতে।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে দুই হাজার ৪৭৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৯৯৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, সোমবার পূর্বাঞ্চলের ইতুরি ও উত্তর কিভু প্রদেশে নতুন করে ৫০ জনের শরীরের ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে।

এদিকে দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত, আক্রান্তদের চিকিৎসা এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে জোরদার নজরদারি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে কঙ্গোর পূর্বাঞ্চলে চলমান নিরাপত্তা সংকট ও দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে বাধার কারণে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। সংস্থাটির মহাপরিচালক জ্যাঁ কাসেয়া সতর্ক করেছেন, এখনই ভাইরাসের বিস্তার থামানো না গেলে এটি বিশ্বের ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জ্যাঁ কাসেয়া বলেন, ইবোলার প্রাদুর্ভাব উদ্বেগজনক গতিতে বাড়ছে। এখনই পদক্ষেপ নিতে হবে। আজ যদি আমরা এটি থামাতে না পারি, তবে এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় প্রাদুর্ভাব হয়ে উঠবে।’ তিনি আরও বলেন, ‘এটি দেরি করার সময় নয়। সব ধরনের সম্পদ কাজে লাগিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতে হবে, যাতে আরও প্রাণহানি রোধ করা যায়।’

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন