জাপানে শক্তিশালী ভূমিকম্প:
শপিং মল ধসে আটকা বহু মানুষ, হাসপাতালে অর্ধশত আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৯:১৫
জাপানে শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের অংশ ধসে বহু মানুষ আটকা পড়েছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় আহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতাও কয়েক ঘণ্টা পর প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থার হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১, তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এর মাত্রা ৬ দশমিক ৮ বলে জানিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ভবনে ভূমিকম্পের পর আগুন লাগে। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে আহতের খবর পাওয়া গেছে, কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং আগুন, সড়ক ও সেতুর ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।
সরকারি সংবাদমাধ্যমের সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, দেশের প্রধান দ্বীপ কিউশুর বিভিন্ন স্থানে আগুন লেগেছে। কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং অনেক সড়কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এছাড়া এখন পর্যন্ত অন্তত ১২টি বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে।
এদিকে ‘কাশিমা’ শহরের একটি শপিং মলের দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়ায় বহু মানুষ ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধারকারীরা তাদের বের করে আনতে অভিযান চালাচ্ছেন।
এর আগে পুলিশ জানিয়েছিল, কাশিমার ওই শপিং মল থেকে বিস্ফোরণের মতো শব্দ শোনার খবর পাওয়া যায়। তবে সে সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামির সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর পরিস্থিতি মূল্যায়ন করে তা প্রত্যাহার করে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: সিবিএস
বাংলাদেশেরখবর/আরকে

