যুক্তরাষ্ট্র-সৌদির হামলার পর ইরাকজুড়ে সামরিক সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৫:৪৫
ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান আলি ফালেহ আল-জাইদি, ছবি: সংগৃহীত
দেশজুড়ে সব সামরিক ঘাঁটি ও শিবিরে সর্বোচ্চ সতর্কতা এবং প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান আলি ফালেহ আল-জাইদি।
শুক্রবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রীর সামরিক মুখপাত্র সাবাহ আল-নুমান জানান, সম্ভাব্য হামলা বা অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে প্রতিরোধমূলক গোয়েন্দা পরিকল্পনাও কার্যকর করা হয়েছে।
গত ২৯ জুলাই যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) বিভিন্ন অবস্থানে হামলা চালায়। ওয়াশিংটন ও রিয়াদের অভিযোগ, এসব গোষ্ঠী মার্কিন বাহিনী ও সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা করেছিল। তবে পিএমএফ জানায়, ওই হামলায় তাদের ২০ সদস্য নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
হামলার পর ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদ এটিকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানায়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা মোকাবিলায় একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা অনুমোদন করে। বাগদাদ দাবি করে, ওই অভিযানের বিষয়ে তারা আগে থেকে কিছু জানত না।
তবে সরকার শুক্রবারের সামরিক সতর্কতা জারির সঙ্গে ওই হামলার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা উল্লেখ করেনি। এছাড়া এই নির্দেশের পেছনে নির্দিষ্ট কোনো হুমকির কথা বা কতদিন এটি কার্যকর থাকবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি। সূত্র: শাফাক নিউজ এজেন্সি
বাংলাদেশের খবর/এইচআর

