ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। অর্থাৎ, গড়ে প্রতিদিন একজন করে শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
শনিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এদুয়ার বেইগবেদার এক বিবৃতিতে বলেন, যে যুদ্ধবিরতিতে প্রতিদিন গড়ে একজন শিশু মারা যায়, সেটি শিশুদের জন্য ব্যর্থ। তিনি বলেন, আরও শত শত শিশু আহত হয়েছে, যাদের অনেকের অবস্থা গুরুতর।
ইউনিসেফ জানায়, গাজার বিভিন্ন এলাকায় শিশুরা এখনও তীব্র অপুষ্টি, নানা রোগ, অনিরাপদ পানি এবং ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গাজার শিশুরা এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে বসবাস করছে। আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত ভিড়, নিরাপদ পানির অভাব এবং চিকিৎসাসেবার সংকটে তাদের জীবন আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
গাজা উপত্যকায় এখনো ইসরায়েলি বাহিনী আকাশপথে গোলাবর্ষণ করছে; নৌবাহিনীর হামলাও অব্যাহত রয়েছে। এই তীব্র সামরিক অভিযান অব্যাহত থাকায় গাজার বেসামরিক নাগরিকরা প্রতিদিন হতাহতের শিকার হচ্ছে।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এবং আইডিএফের অভিযান ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও জীবিকায় ক্রমাগত প্রভাব ফেলছে বলে সতর্ক করেছে ওসিএইচএ।
ওসিএইচএ’র তথ্যানুযায়ী, চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এক হাজার ৩৮০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় হতাহত, সম্পদের ক্ষয়ক্ষতি অথবা উভয় ধরনের ঘটনা ঘটেছে।
বাংলাদেশের খবর/আরইউ

