Logo

আন্তর্জাতিক

মানবতাবিরোধী অপরাধে বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৫:৪৪

মানবতাবিরোধী অপরাধে বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তাবিষয়ক সাবেক প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

দেশটির গৃহযুদ্ধের সময় সংঘটিত অপরাধের দায়ে তাদের দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হলো।

উল্লেখ্য, সিরিয়ার ইসলামপন্থী নেতা আহমেদ আল–শারার (বর্তমান প্রেসিডেন্ট) নেতৃত্বে দেশটির বিদ্রোহীরা বাশার আল–আসাদ সরকারকে উচ্ছেদ করার সময় তৎকালীন এই প্রেসিডেন্ট তার পরিবার-পরিজন নিয়ে রাশিয়ায় চলে যান। এখনো সেখানেই অবস্থান করছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের ফৌজদারি আদালত বাশার আল–আসাদকে পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করেন। আর আতেফ নাজিবকে পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত বলেছেন, ২০১১ সালে দারা প্রদেশে বাশার আল–আসাদ সরকারের সংঘটিত অপরাধগুলো মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।

বিচারক রায় পড়ার সময় আতেফ নাজিব আদালতে উপস্থিত ছিলেন।

২০২৪ সালে বাশার আল–আসাদ রাশিয়ায় চলে গেলেও আতেফ নাজিব গ্রেপ্তার হন। তিনি আসাদ সরকারের বিচারের মুখোমুখি হওয়া উচ্চপদস্থ কর্মকর্তাদের একজন।

নাজিব সিরিয়ার সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। ২০১১ সালে তিনি দারা প্রদেশে আসাদ সরকারের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আসাদের বিরুদ্ধে এই রায় সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাবেক সরকারের কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে প্রথম বিচারিক রায়। অন্তর্বর্তী কর্তৃপক্ষ এ বছর সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে সশরীরে ও অনুপস্থিতিতে বিচার শুরু করেছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন