Logo

আন্তর্জাতিক

‎আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৬

অ
‎আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২

‎আফগানিস্তানে বিমান হামলায় অন্তত ২২ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। নিহতরা ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্য বলে দাবি করা হয়েছে।

‎আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন গজব লিল-হক’-এর অংশ হিসেবে পরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এই বিমান হামলা চালানো হয়। 

‎পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান এবং জঙ্গিদের নেটওয়ার্ক ও তাদের সহযোগীদের নির্মূলের লক্ষ্যের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়।

‎মন্ত্রণালয়ের দাবি, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি এলাকায় জঙ্গিদের ক্যাম্প ও গোপন আস্তানায় হামলা চালানো হয়। এসব স্থাপনা ‘ফিতনা আল-খাওয়ারিজ’, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও তাদের সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে দাবি করা হয়েছে।

‎বিবৃতিতে বলা হয়, নির্দিষ্ট লক্ষ্যগুলো নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় ২২ জন জঙ্গি নিহত হয়েছে। পাশাপাশি ওই ঘাঁটিগুলোতে মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

‎পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটি সবসময় চেষ্টা করে এসেছে। তবে পাকিস্তানের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

‎বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান এখনও সন্ত্রাসবাদের একটি কেন্দ্র হিসেবে রয়ে গেছে বলে পাকিস্তানের উদ্বেগ রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের হুমকি আফগানিস্তান থেকেই আসছে বলেও দাবি করেছে ইসলামাবাদ।

‎এই পরিস্থিতিতে সন্ত্রাসীদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে।

‎

‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন