Logo

আন্তর্জাতিক

ফ্রান্সে ব্যাপক সহিংসতা ও লুটপাট, গ্রেপ্তার ১২০০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৫:৪১

অ
ফ্রান্সে ব্যাপক সহিংসতা ও লুটপাট, গ্রেপ্তার ১২০০

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর ভগ্নদশার প্রতিবাদে চলমান বিক্ষোভ ঘিরে শনিবার রণক্ষেত্রে পরিণত হয় ফ্রান্স। দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের এই বিক্ষোভ থেকে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অন্তত ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং সারা দেশ থেকে প্রায় ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন শহরে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। প্যারিসের বিখ্যাত প্লাস দ্য লা রিপাবলিক চত্বর, রেস্তোরাঁ ও বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া হয়।

লিমোজ শহরের সিটি হলে অগ্নিকাণ্ডে ছাদের একাংশ ধসে পড়ে, লিওঁ শহরের ঐতিহাসিক পর্যটন ভবন পুড়িয়ে দেওয়া হয় এবং সাঁ-এতিয়েন শহরে গ্রেনেড বিস্ফোরণে এক তরুণের হাত উড়ে যাওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটে। এ ছাড়া লিল শহরে অ্যাপলের একটি দোকানসহ বিভিন্ন শহরে ব্যাপক লুটপাট চালানো হয়।

মূলত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট ও জরাজীর্ণ অবকাঠামোর প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছিল। 

শনিবার এর সঙ্গে ট্রেড ইউনিয়ন ও দীর্ঘস্থায়ী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সদস্যরা যোগ দিলে তা চরম সহিংস রূপ নেয়। সরকার পরিস্থিতি সামাল দিতে ৩ হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভ থামেনি।

বরং আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলন ঘিরে ফ্রান্সের রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে। কট্টর বামপন্থী ও ডানপন্থী রাজনৈতিক দলগুলো সহিংসতা উসকে দেওয়ার জন্য একে অপরকে দোষারোপ করছে। 

এদিকে, সরকারি কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং লুটপাটে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সূত্র: বিবিসি


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন