ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৭:৩২
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এটি সংস্থাটির ইতিহাসে সর্ববৃহৎ দুর্নীতির মামলা বলে জানিয়েছে দুদক।
রোববার (৯ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ মামলার বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, এস আলম গ্রুপের তিন প্রতিষ্ঠান— এস আলম রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিলস এবং এস আলম ট্রেডিং-এর নামে অনুমোদনবিহীন ঋণ গ্রহণ ও জালিয়াতির মাধ্যমে মোট ৯ হাজার ২৮৩.৯৩ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। সুদ ও অন্যান্য অর্থসহ এই অংক দাঁড়িয়েছে ১০ হাজার ৪৭৯.৬২ কোটি টাকায়। অর্থের একাংশ সিঙ্গাপুরে পাচার করা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, বিনিয়োগ কমিটির সদস্যসহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবারের সদস্য এবং গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও আসামি করা হয়েছে।
দুদক জানিয়েছে, আসামিরা ব্যাংকের বিনিয়োগ নীতি লঙ্ঘন করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এই বিরাট অর্থ আত্মসাৎ করেছেন। মামলায় দায়েরকৃত ধারা অন্তর্ভুক্ত– দণ্ডবিধির ৪০৯/৪০৬/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১২০বি, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩)।
দুদক সূত্রে জানা গেছে, তদন্তের প্রক্রিয়ায় আরও নতুন নাম আসামি করা হতে পারে। ইসলামী ব্যাংকের এই আর্থিক অনিয়ম দেশের সবচেয়ে আলোচিত দুর্নীতির ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এমএইচএস

