৫০ কোটি টাকার ঘুস প্রস্তাব, নাম প্রকাশে আইনি চাপে আমির হামজা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০৫
সংগৃহীত
কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধের জন্য ৫০ কোটি টাকা ঘুস প্রস্তাবের দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা-কে এবার সেই প্রস্তাবদাতাদের নাম প্রকাশের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) মো. হৃদয় হাসান নামের এক ব্যক্তি কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এই নোটিশ পাঠান। এতে সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়- কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার জন্য যাঁরা ৫০ কোটি টাকা ঘুসের প্রস্তাব দিয়েছেন বলে দাবি করা হয়েছে, তাদের নাম প্রকাশ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের আইনের হাতে তুলে দিতে হবে।
নোটিশে আরও বলা হয়, দুর্নীতিমুক্ত দেশ গঠনের স্বার্থে বিষয়টি জনসম্মুখে পরিষ্কার হওয়া জরুরি।
কী বলেছিলেন আমির হামজা?
সম্প্রতি বিভিন্ন জনসভায় মুফতি আমির হামজা দাবি করেন- তাকে তিন দিনের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকা ঘুসের প্রস্তাব দেওয়া হয়েছিল।
তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, “আমাকে পুরো কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার অবস্থান থেকে সরবো না।”
তার এই বক্তব্য গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
কেন আইনি নোটিশ?
নোটিশে উল্লেখ করা হয়, বিষয়টি ২৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় আলোচনায় আসে। এরপরই অভিযোগের সত্যতা যাচাই ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই আইনি উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে মুফতি আমির হামজা–এর বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আইনজ্ঞদের মতে, ৫০ কোটি টাকার ঘুস প্রস্তাব- এটি যদি সত্য হয়, তবে এটি বড় ধরনের দুর্নীতির ইঙ্গিত। আর যদি প্রমাণিত না হয়, তাহলে প্রশ্ন উঠতে পারে জনসম্মুখে এমন বক্তব্য দেওয়ার দায়বদ্ধতা নিয়েও।
এখন সবার নজর-সাত দিনের মধ্যে কী জবাব দেন আমির হামজা।
বাংলাদেশেরখবর/আরকে

