Logo

আইন ও বিচার

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৮:১৪

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

দেশে হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও অনেক শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ‘অবৈধ বা অশুভ কর্মকাণ্ড’ জড়িত থাকার অভিযোগ এনে ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই আইনজীবী উল্লেখ করেন, ‘সারা দেশে অকস্মাৎ বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের স্বার্থে জড়িত থাকায় এ বিষয়ে তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্তের দাবি জানানো হয়েছে।’

নোটিশে উল্লেখ করা হয়, দেশে হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও অনেক শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নোটিশে অভিযোগ করা হয়, টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ‘অবৈধ বা অশুভ কর্মকাণ্ড’ জড়িত থাকতে পারে—এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে। এতে উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকজন সাবেক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে এবং ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সকল উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সকল সাবেক ব্যক্তিগত সহকারীর (পিএ) বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে।

ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম জানান, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ৫ (পাঁচ) দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন