হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে দেখা করলেন স্বামী
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৮:২৫
সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন তার স্বামী তৌফিক নেওয়াজ।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের হাজতখানায় তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, স্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আইনজীবী সিফাত মাহমুদের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অনুমতি চান তৌফিক নেওয়াজ। পরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ অনুমতি দেন।
অনুমতি মেলার পর ট্রাইব্যুনালের প্রধান ফটক দিয়ে হুইলচেয়ারে করে তৌফিক নেওয়াজকে হাজতখানায় নেওয়া হয়। সেখানে তিনি স্বল্প সময়ের জন্য স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেন এবং কিছুক্ষণ কথা বলেন। পরে তাকে আবার বাইরে নিয়ে যাওয়া হয়।
এর আগে সকালে মানবতাবিরোধী অপরাধের ওই মামলায় দীপু মনিসহ মোট ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিকে, প্রসিকিউশনের আবেদনের পর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল-১।
বাংলাদেশেরখবর/আরকে

