বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৭:৩৪
সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সাবেক ১১ জন পরিচালক এ রিট দায়ের করেন। মোট ১২ জন রিটকারী এই আবেদনে অংশ নিয়েছেন। রিট পিটিশন নম্বর ৬০৮৩/২০২৬।
জানা গেছে, বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি এ. এফ. এম. সাইফুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে মামলাটি পরিচালনার অনুমতি নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।
রিট আবেদনে বলা হয়, ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্যের স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ওই নির্বাচন সম্পন্ন হয়, যেখানে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালকও কমিশনের সদস্য ছিলেন। নির্বাচনে রিটকারীরা বিধিমতে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।
তবে চলতি বছরের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ, ৫ এপ্রিলের একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেয়। পরে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
রিটকারীদের অভিযোগ, নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার আগে তাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। এছাড়া তদন্ত প্রতিবেদনের কপিও সরবরাহ করা হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। সংবাদমাধ্যমের মাধ্যমে তারা বিষয়টি জানতে পারেন বলে রিটে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

