রামিসা হত্যা মামলা :
ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তাদের হাতে, চার্জশিট দাখিলের প্রস্তুতি
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৯:৩৬
সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট হাতে পেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পাওয়ার পর তদন্ত কার্যক্রম এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শনিবার (২৩ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি-এর বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন সিআইডির ফরেনসিক ইউনিট থেকে ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট সংগ্রহ করেছেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব গুরুত্বপূর্ণ রিপোর্ট পাওয়ার ফলে মামলার তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে রোববার (২৪ মে) আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে।
গত ১৯ মে সকালে রাজধানীর পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে আট বছর বয়সী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় শিশুটির খণ্ডিত মাথা। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তারের আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়েছিল। পরে গ্রেপ্তারের পর আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সোহেল রানা।
বাংলাদেশেরখবর/আরকে

