বিচারব্যবস্থা সংকটে, ন্যায়বিচার নিশ্চিতে বাড়তি বাজেটের দাবি বিচারপতি শহিদুল ইসলামের
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৯:৩৮
সংগৃহীত
দেশের বিচারব্যবস্থা বর্তমানে গুরুতর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিচারপতি শহিদুল ইসলাম। তিনি মনে করেন, বিচার বিভাগকে কার্যকর ও স্বাধীনভাবে পরিচালনার সুযোগ দেওয়া হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা আরও সুদৃঢ় করা সম্ভব।
বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল আয়োজিত ‘আইনজীবীদের বাজেট ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি শহিদুল ইসলাম বলেন, দেশে এখনো অনেক দক্ষ ও মেধাবী বিচারক রয়েছেন। তবে বিভিন্ন প্রভাব ও প্রতিবন্ধকতার কারণে তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। এর ফলে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন বিচারব্যবস্থা গড়ে ওঠার পথে বাধা সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে বিচারব্যবস্থার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। এসব সুপারিশের সঙ্গে প্রয়োজনীয় আরও কিছু প্রস্তাব যুক্ত করে সরকারের কাছে উপস্থাপন করা উচিত বলে তিনি মত দেন।
ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগে পর্যাপ্ত ও বাস্তবসম্মত বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, বিচার খাতে সরকার যদি প্রয়োজনীয় গুরুত্ব না দেয়, তাহলে ভবিষ্যতে এ বিষয়ে নতুন করে আন্দোলনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
সেমিনারে অংশগ্রহণকারী আইনজীবীরাও বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, জনবল বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বাজেট বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান।
বাংলাদেশেরখবর/আরকে

