Logo

আইন ও বিচার

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : দুই আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৮:৫০

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : দুই আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে

সংগৃহীত

ঢাকার পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের রায়ের পূর্ণাঙ্গ নথি হাইকোর্টে পাঠানো হয়েছে। মামলার ৬৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় এবং ৩ পৃষ্ঠার ডেথ রেফারেন্সসহ মোট ৭২ পৃষ্ঠার অনুমোদনসংক্রান্ত নথি মঙ্গলবার (৯ জুন) হাইকোর্টে পৌঁছেছে।

আদালত সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের নথিতে স্বাক্ষর করার পর তা উচ্চ আদালতে পাঠানো হয়।

বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো ফৌজদারি মামলায় দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্ট বিভাগের অনুমোদন বাধ্যতামূলক। এই প্রক্রিয়াই ‘ডেথ রেফারেন্স’ নামে পরিচিত।

এর আগে গত ৭ জুন বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন বিচারক মাসরুর সালেকীন। রায়ে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, এই অর্থ ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীরা পাবেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায় করা হবে।

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া সোহেল রানা স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং পরে তা প্রত্যাহারের কোনো আবেদন করেননি।

আদালত আরও বলেন, স্বপ্না খাতুন অপরাধের পর তার স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। একই সঙ্গে অপরাধ সংঘটন প্রতিরোধে কিংবা ভুক্তভোগীকে রক্ষায় কোনো কার্যকর ভূমিকা না রাখার বিষয়টিও আদালতের বিবেচনায় এসেছে।

এখন মামলাটির ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখা, পরিবর্তন করা অথবা বাতিল করার বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন