Logo

আইন ও বিচার

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:৪৯

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছু নয়।

সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত একটি রাজনৈতিক স্ট্যান্ট। তিনি যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে এসে জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত মামলায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত।

তিনি আরও জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

মো. আমিনুল ইসলাম বলেন, এসব মামলার আসামির তালিকায় সাবেক মন্ত্রী শাজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, কামাল আহমেদ মজুমদারসহ বেশ কয়েকজন সাবেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের মধ্যেই দেশে ফেরার ইচ্ছার কথা জানান। অন্যদিকে, জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন