শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৯:১৯
এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা বক্তব্যের জেরে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও আইনজীবী তন্ময় কুমার সাহা এ নোটিশ পাঠান। ব্যারিস্টার ফুয়াদের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়, ব্যারিস্টার ফুয়াদ সম্প্রতি দেওয়া এক বক্তব্যে গত ৫০ থেকে ৭০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন এবং জাতীয় বিভিন্ন সংকটের জন্য তাদের দায়ী করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অনুষদ সদস্যদের সম্পর্কে বিদ্বেষপূর্ণ, সাম্প্রদায়িক এবং বিভাজনমূলক মন্তব্য করেছেন বলেও নোটিশে দাবি করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, এসব বক্তব্যের মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম, মর্যাদা ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও মানসিক কষ্টের সৃষ্টি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
আইনজীবী তন্ময় কুমার সাহা নোটিশে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদের কাছে দৃষ্টান্তমূলক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা দাবি করেছেন। দাবি অনুযায়ী, ক্ষতিপূরণের অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলে জমা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

