Logo

আইন ও বিচার

নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতের

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৯:২০

নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতের

নিরাপত্তা চেয়ে আইনজীবী ও আলোচিত মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া (পিয়া জান্নাতুল) করা সাধারণ ডায়েরির (জিডি) বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানাকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, জিডির তদন্তের অনুমতি সংক্রান্ত শুনানির জন্য এদিন বিষয়টি আদালতে ওঠে। শুনানিতে পিয়া জান্নাতুল নিজেও উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত অভিযোগটি তদন্তের নির্দেশ দেন।

এর আগে, গত ৮ জুলাই বনানী থানায় করা জিডিতে পিয়া উল্লেখ করেন, অতীত বা বর্তমান—কোনো সময়ই তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন না এবং তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।

জিডিতে তিনি আরও বলেন, সম্প্রতি একজন নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে মানবিক ও আইনসম্মত অবস্থান নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অসংখ্য হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং আপত্তিকর বার্তা পাঠানো হচ্ছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তির কাছ থেকে হুমকিমূলক ফোনকলও পাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া, গত প্রায় তিন মাস ধরে কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় তাদের ক্ষতির আশঙ্কা করছেন।

জিডিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি সুরক্ষার আবেদন জানান পিয়া জান্নাতুল।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন